পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইজ শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে একই এলাকার বাসিন্দা বাদশা জীবিকার উদ্দেশ্যে লিবিয়ায় যান। এরপর তার স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের অভিযোগ। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে আলিফ ওই নারীর বাড়িতে যান।
মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আলিফের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, সম্পর্কের বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে আলিফকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখতে পারে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘‘প্রাথমিক তদন্তে পরকীয়া সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। এছাড়া রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে গিয়ে আলিফ বিয়ের প্রস্তাব দেন। ওই নারী রাজি না হওয়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।’’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









