সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম ’কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা’-য় বাংলাদেশি ৪ প্রতিযোগী সাফল্য পেয়েছেন। প্রতিযোগিতার ৪র্থ বিভাগে কোরআন মুখস্থ করে ১ম হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ জাকারিয়া। একই বিভাগে নারীদের মধ্যে ৩য় হয়েছেন বাংলাদেশের রাবিতা বিনতে রমজান। এ ছাড়া নারীদের ৩য় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ৩য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের মাসফিরা বিনতে মাহমুদ। একই বিভাগে পুরুষদের মধ্যে ৩য় হয়েছেন বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদ আল–হাসান।
সৌদি সংবাদমাধ্যম আজেলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগী অংশ নেন। বিজয়ীদের মধ্যে মোট পুরস্কারের অর্থ ১ কোটি সৌদি রিয়ালের বেশি। কোরআন মুখস্থ, শুদ্ধতা ও সুরের সঙ্গে তিলাওয়াতের ৪র্থ বিভাগে জাকারিয়া ১ম হয়ে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।
লিবিয়ার হাম্মাম মুস্তফা আল–ওবাইদ জুরাইকান ২য় ও কিরগিজস্তানের মিরবেকভ মুসা ৩য় স্থান অধিকার করেছেন। সম্পূর্ণ কোরআন হিফজ ও তিলাওয়াতের জন্য বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদ আল–হাসান ৩য় স্থান অর্জন করে পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল। এই বিভাগে লিবিয়ার নাজি আতিয়াহ নাজি বিন সুলাইমান ১ম ও তিউনিসিয়ার মোহাম্মদ আল–হাদি আল–গার্বী দ্বিতীয় স্থান লাভ করেন।
নারীদের ৩য় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ এবং উত্তম পরিবেশনা ও তিলাওয়াতের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এই বিভাগে ৩য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের মাসফিরা। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল বা ৫৮ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা। আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহইয়া ১ম হয়ে ২ লাখ রিয়াল পেয়েছেন। ঘানার জয়নাব আবদুর রহমান ২য় হয়ে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার রিয়াল।
নারীদের কোরআন মুখস্থের ৪র্থ বিভাগে বাংলাদেশের রাবিতা বিনতে রমজান ৩য় হয়েছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার রিয়াল বা ৪২ লাখ ৩০ হাজার ২০০ টাকা। এই বিভাগে ১ম হয়েছেন মায়ানমারের থিন জি মুন। ফিলিস্তিনের রুবা শাহির ইউসুফ ইউনুস ২য়, ওমানের মাইসাম বিনতে আহমেদ বিন মোহাম্মদ বিন সারহান আল–হাবসিয়া ৪র্থ ও ইন্দোনেশিয়ার ফাহিমা নাজাহা আল–শরিফা পঞ্চম হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









