১ বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার নির্ধারিত লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ‘সরকারি কর্ম কমিশন’ (পিএসসি)। তবে আগামী বিসিএসটি সাধারণ হবে নাকি বিশেষ —তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটেছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। আর এই ৫১তম বিসিএসটি অনুষ্ঠিত হচ্ছে দেশের চিকিৎসকদের নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস হিসেবে। পিএসসি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসি সূত্র জানায়, দেশের সরকারি হাসপাতালগুলোতে চলমান চরম চিকিৎসক–সংকট নিরসনে সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জন প্রশাসন মন্ত্রণালয় হয়ে সুনির্দিষ্ট চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে এসে পৌঁছায়।
পিএসসির জন সংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুততম সময়ে এর দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় বোর্ড মিটিংয়ের পর্যালোচনা শেষ করে। সাধারণ বিসিএসের প্রজ্ঞাপন তৈরির আগেই বিশেষ বিসিএসের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়ে যায়। ফলে নিয়ম অনুযায়ী এই বিশেষ বিসিএসকেই ‘৫১তম বিসিএস’ হিসেবে বৃহষ্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।
প্রকাশিত এই ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪,৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন/মেডিক্যাল অফিসার পদে এবং বাকি ৩০০ জন নিয়োগ পাবেন ডেন্টাল সার্জন পদে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ মন্ত্রী স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো ও চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। সেই লক্ষ্য অর্জনে বাজেটে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। বাজেটের সেই নীতিগত নির্দেশনার আলোকেই পিএসসি এবার চিকিৎসকদের এই বিশেষ বিসিএস দ্রুততার সঙ্গে চূড়ান্ত করল।
পিএসসি সূত্রে জানা গেছে, চিকিৎসকদের এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার কোনো দীর্ঘ ও জটিল প্রক্রিয়া থাকবে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার মাধ্যমেই দ্রুত প্রার্থী বাছাই সম্পন্ন করা হবে। এর ফলে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার নতুন চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা সম্ভব হবে।
এদিকে বিশেষ বিসিএস ৫১তম হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ায় সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের চোখ এখন ৫২তম বিসিএসের দিকে। পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার বা রোডম্যাপ অনুযায়ী চলতি ২০২৬ সালের নভেম্বর মাসেই সাধারণ বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য মৌখিক পরীক্ষা চলছে। নির্ধারিত রোডম্যাপ মেনে আগামী নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন।
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণার পর অথবা এর সঙ্গে সামঞ্জস্য রেখে পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরেই নতুন সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









