সিনেমার গল্পকেও হার মানাচ্ছে পিচ্চি রাজাকে নিয়ে সব ঘটনা! গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০টি মামলার আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন নিয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের সাজানো এজাহারের মতো বাইমাইল এলাকা থেকে নয়, বরং রাজধানীর ঢাকার তাঁতীবাজার থেকেই উধাও হন এই ভয়ঙ্কর অপরাধী! এই ঘটনায় মূল আসামীকে পালাতে সহায়তা ও নাটক সাজানোর অপরাধে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার সংবাদ ব্রিফিংয়ে এই পুরো জালিয়াতি ও তদন্তের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন।
পুলিশ জানিয়েছে, আসামিকে শৌচাগারে যাওয়ার অজুহাতে পালানোর যে দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। আসলে প্রিজন ভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর।
গতকাল সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার জানান, গত ২৯ জুলাই ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয় একটি প্রিজন ভ্যান। পথে পুরান ঢাকার তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসে গাড়ি থামানো হয়। সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে তালা খোলার চাবি চেয়ে নেন।
এরপর ভ্যান থেকে পিচ্চি রাজা এবং খাইরুল বাশার নামে দুই আসামিকে বের করে আনা হয়। খাইরুল বাশারকে ভ্যানের ড্রাইভারের সিটের পাশে বসানো হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর ভ্যানে ওঠেননি। তাঁতীবাজারে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেট কারে পিচ্চি রাজাকে উঠিয়ে দেন এসআই প্রবীর। পরে বাইমাইল এলাকায় গিয়ে প্রিজন ভ্যানে উঠে স্কট প্রধান এসআই প্রবীর মিথ্যা নাটক সাজান। রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় এসে পুনরায় প্রিজন ভ্যানে ওঠেন। এরপর ঘটনা অন্যদিকে মোড় ঘোরাতে প্রচার করা হয় যে, আসামি পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন।
সাক্ষ্য-প্রমাণ ও তদন্তের ভিত্তিতে গ্রেপ্তারদের মধ্যে চালক কামাল হোসেনের বাড়ি থেকে ইতোমধ্যে ঘুষের নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, এ ঘটনার পেছনে পুলিশের অসাধু সদস্য, রাজার বোন এবং পরিবারের প্রত্যক্ষ অর্থ লেনদেন জড়িত ছিল। এই হাই-প্রোফাইল নাটকীয় পলায়নের পর ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অধরাই রয়ে গেছেন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, পালিয়ে যাওয়া পিচ্চি রাজাকে গ্রেপ্তারসহ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য অভিযুক্তদের জালে তুলতে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









