ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান এবং ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোলে বিক্ষোভ-সমাবেশের পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এদিন সকালে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্র জানিয়েছে।
সমাবেশে বক্তব্যে স্বপন মজুমদার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন অশোক কীর্তনীয়াও। তাদের এসব বক্তব্যের পর শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের সম্ভাব্য সফর নিয়েও আলোচনা রয়েছে। তবে তাদের সফর কিংবা অবস্থানের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, ‘‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জন ছড়ানো হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, ১১সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।’’
সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বিজিবির এই অধিনায়ক বলেন, ‘‘কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়লে সীমান্তের অপরাধ দমন আরও সহজ হবে।’’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








