ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
গতকাল রবিবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে প্রদেশটিতে গভর্নরের শাসন জারি হলো। পরে, রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশটিতে সন্ত্রাসী হামলার ক্রমবর্ধমান ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে সংবিধানের ২৩২ অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।
এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) বিবৃতিতে জানানো হয়, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাব অনুমোদনের জন্য রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কাছে পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ‘সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃতভাবে সরে থাকার’ বিষয়টি আমলে নিয়েছেন। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে দিনের শুরুতে মন্ত্রিসভার বৈঠকে দেওয়া ওই সুপারিশ তিনি অনুমোদন করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের মধ্যে চলমান রাজনৈতিক বিরোধের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। ইমরানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতাকর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন। গতকাল রবিবার ছিল লংমার্চের অষ্টম দিন। এখনো লংমার্চ খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই অবস্থান করছে।
ইমরানের মুক্তিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাঁর দল পিটিআই ও কেন্দ্রীয় সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে গতকাল প্রেসিডেন্ট ভবনে আসিফ আলী জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করেন। বৈঠকের পর খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সম্ভাবনা জোরালো হয়। এদিকে পিটিআই হুঁশিয়ারি দিয়ে বলেছে, জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন পাখতুনখাওয়ায় কোনো সমস্যার সমাধান আনবে না।
জরুরি অবস্থা ঘোষণার পর প্রদেশটির নির্বাচিত প্রশাসনের ক্ষমতা স্থগিত করার সিদ্ধান্ত দেশটির চলমান রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে বলে খবরে জানিয়েছে রয়টার্স ও জিও নিউজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









