একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) শুরু হয়েছে রবিবার, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের তিনদিনের প্লেনারি সেশন চলবে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। শেষদিনের প্লেনারি সেশনে এবারের সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে লক্ষ্যে সম্মেলনে যোগ দিতে আজ তুরস্কের আনতালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ এবারের সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। কূটনৈতিকদের ভাষ্য, জলবায়ু অভিযোজন তহবিলের পরিমাণ বাড়িয়ে তিনগুণ করার দাবি তুলবে বাংলাদেশ। এছাড়া প্রযুক্তি স্থানান্তর, ক্ষয়ক্ষতি এবং অভিযোজনের ব্যাপারেও আলোচনা হবে।
বাংলাদেশ প্যাভিলিয়নে যা থাকছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ সচিবালয়ে ব্রিফিংয়ে জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাংলাদেশের অবস্থানপত্র প্রণয়ন করা হয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ প্রতিনিধিদল জাতীয় স্বার্থে কাজ করবে।
তিনি বলেন, কপ৩১ সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা হল, অর্থায়ন ও বাস্তবায়ন সহায়তায় সুনির্দিষ্ট অগ্রগতি, যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় কাজে আসবে। সাইমুম পারভেজ জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকার ১০০ বর্গমিটার আয়তনের প্যাভিলিয়ন করছে। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হবে। প্যাভিলিয়নটি অভিজ্ঞতা বিনিময়, নীতি সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরিতে ব্যবহার করা হবে। এছাড়াও রয়েছে জুট প্যাভিলিয়ন।
বাংলাদেশের অবস্থান
প্রধানমন্ত্রীর সঙ্গে এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। বরাবরের মত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অনেকে এ সম্মেলনে যাচ্ছেন।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থানের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘আমাদের যে এই কম্পেনসেশনের বিষয়টা, এটি তো চলমান বিষয়। প্যারিস এগ্রিমেন্টের অংশ হিসেবে উন্নত দেশগুলো বাংলাদেশের মত দেশকে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা অর্থায়ন এবং টেকনোলজি ট্রান্সফার উভয় ক্ষেত্রেই সহযোগিতা করবে। এবং সেই সহযোগিতা আমরা সব সময় যে পাই, তা কিন্তু না। কিন্তু সেজন্য আমরা আহ্বান করে থাকি এবং এটা একটা কালেক্টিভ এফোর্ট।’
এর আগে বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু শুক্রবার সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশ এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে।’ তিনি বলেন, ‘কপ৩১ সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিতে গুরুত্ব দেবে বাংলাদেশ। বিশেষ করে অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি এবং জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে।
এই ফান্ডের পরিমাণ যখন বাড়ানো হবে, তখন আমাদের মত দেশগুলো সেই ফান্ডের জন্য আবেদন করবে এবং সেখান থেকে অর্থ ছাড় করা হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো যাতে আরও বেশি অর্থ পায়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান ও দাবি সম্মেলনে তুলে ধরা হবে।’ জলবায়ুমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ১৫.২ বিলিয়ন ডলারের মত। এর ক্ষতিপূরণ হিসেবে কত টাকা চাইব? সেটার নেগোসিয়েশন আসলে এখানে হয় না। এখানে নেগোসিয়েশনগুলো হয় গ্রুপ, অর্থাৎ আপনি একটা দেশ হিসেবে কোন গ্রুপের সঙ্গে যুক্ত এবং সেই গ্রুপের নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।’
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী আগেই তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন। তিনি বলেন, ‘আমরা বৈঠক শুরু করেছি। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি। তার মধ্যে জলবায়ু অর্থায়নকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযুক্তি স্থানান্তর, ক্ষয়ক্ষতি এবং অভিযোজনের ব্যাপারে আলোচনা করছি।’
বাংলাদেশ এবার জলবায়ু অভিযোজনের তহবিল বাড়িয়ে তিনগুণ করার দাবি জানাবে জানিয়ে মির্জা শওকত বলেন, ‘জলবায়ু ক্ষয়ক্ষতি সংক্রান্ত তহবিলও বাড়াতে চাই। মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামে ১.৫ ডিগ্রির টার্গেট ধরে রাখতে চাই, এবং ইউএই ওয়ার্ক প্রোগ্রামের অধীনে গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশনের (জিজিএ) নির্দেশক ও সহনশীলতা অর্জনের জন্য তহবিল নিশ্চিত করতে চাই। সামনে ২০২৮ সালে গ্লোবাল স্টকটেক (জিএসটি) আসছে, সেগুলো নিয়েও আলোচনা হবে।’
২০১৫ সালের ঐতিহাসিক প্যারিস চুক্তির ৭ নম্বর অনুচ্ছেদের আওতায় বৈশ্বিক পদক্ষেপ হচ্ছে গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় প্রশমন বা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজনকে সমান গুরুত্ব দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। শওকত আলীর ভাষ্য, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে জাতিসংঘের প্রধান আন্তর্জাতিক চুক্তি ইএনএফসিসিসি প্রক্রিয়ায় বাংলাদেশের প্রাপ্তিকে শুধু একক দেশের লাভ-ক্ষতি হিসেবে দেখা ঠিক নয়। এটি সম্মিলিত প্রচেষ্টা।
তাপমাত্রা বৃদ্ধির হার প্রাক শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি বা ১.৫ ডিগ্রির মধ্যে রাখতে পারলে, তা পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশেরও বড় প্রাপ্তি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় প্রকল্প ও ফান্ডের দিক থেকে বাংলাদেশের অবস্থান যথেষ্ট ভালো। তবে আমাদের মূল জোর হল ক্লাইমেট রেজিলিয়েন্স অর্জনে পর্যাপ্ত ফান্ডিং আসছে কি না। বাংলাদেশ সরকার নিজেই এডিপি থেকে প্রতি বছর প্রায় ৪.২ বিলিয়ন ডলার জলবায়ু সম্পর্কিত বাজেটে বরাদ্দ দেয়। জাতীয় পর্যায়ের প্রস্তুতি ও সক্ষমতার দিক থেকে আমরা এলডিসি ও অন্যান্য উন্নয়নশীল দেশের চেয়ে ভালো অবস্থায় আছি।’
জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও প্রাপ্তির ব্যবধান যে ক্রমশ বাড়ছে, তা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘প্রথমত জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট তহবিল, বিশেষ করে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থপ্রাপ্তি সহজ করা, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু, কৃষি ও পানির নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণে কারিগরি সহায়তা দিতে হবে। ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের জন্য তহবিলের অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে।’
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, ‘আমরা ২০২২ সালে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান (এনএপি) প্রণয়ন করেছি। ২৭টি এলডিসি দেশের মধ্যে বাংলাদেশও প্ল্যান জমা দিয়েছে, কিন্তু বাস্তবায়নে এখনো সেভাবে আন্তর্জাতিক অর্থায়ন পাইনি। আমরা আমাদের জাতীয় পর্যায়ের টাকা দিয়ে বাস্তবায়ন শুরু করলেও তহবিল খুবই গুরুত্বপূর্ণ। তাই জলবায়ু অর্থায়ন বেশি চাচ্ছি।’
২০২৪ সালের কপ২৯ সম্মেলনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজারবাইজানের বাকুতে নেওয়া সিদ্ধান্ত অনুসারে নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল (এনসিকিউজি)-এর অধীনে ২০৩৫ সাল নাগাদ মোট জলবায়ু অর্থায়ন হবে ৩০০ বিলিয়ন ডলার। আমরা চাচ্ছি তার মধ্যে সহনশীলতা অর্থায়ন যেন একটা উল্লেখযোগ্য অ্যামাউন্টে আসে এবং সেটা যেন তিনগুণ হয়।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক একেএম সাইফুল ইসলাম মনে করেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, বৈশ্বিক যুদ্ধবিগ্রহ এবং তেলসমৃদ্ধ দেশগুলোর বাধার কারণে জলবায়ু অর্থায়ন ও নির্গমন হ্রাস প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি বলেন, এবার কপ৩১-এ অভিযোজন তহবিল (উপকূলীয় অভিযোজন ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন), ক্ষতি ও ক্ষতিপূরণ (সরাসরি অনুদান ও প্রযুক্তি সহায়তা), অর্থায়ন লক্ষ্য (২০৩৫ সালের মধ্যে প্রতি বছর ৩০০ বিলিয়ন এবং দীর্ঘমেয়াদে ১.৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন), জাস্ট ট্রানজিশন (জ্বালানি খাতের পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকা, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা) এবং অন্যান্য এজেন্ডা (কার্বন ক্রেডিট, প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখা এবং গ্লোবাল গোল অন এডাপ্টেশন) আলোচনায় থাকতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









