ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে সামনে এসেছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়টি। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর জন্য পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ। দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাসের পরিবর্তে পূর্ণাঙ্গ পাসপোর্ট কেন? নতুন এনআইডির প্রয়োজনই বা কী? আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন ব্যক্তিকে কি নতুন পাসপোর্ট দেওয়া সম্ভব? এমন নানান প্রশ্নে সরব দেশের রাজনৈতিক ও আইন অঙ্গন।
প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তিনি সাধারণ পাসপোর্টের জন্য কেন আবেদন করেছেন? তাঁর বিরুদ্ধে যখন দেশে দণ্ডাদেশ রয়েছে এবং বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, তখন পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরার পথ তৈরির চেষ্টা কতটা বাস্তবসম্মত? তিনি কি স্বাভাবিক নাগরিক হিসেবে দেশে ফেরার পথ তৈরি করতে চাইছেন, নাকি আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাগরিক অধিকার ও ভ্রমণ নথির বৈধতা নিয়ে নতুন আইনি অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছেন? এ প্রশ্নগুলো ঘিরেই রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত চলছে আলোচনা-সমালোচনা।
কেউ বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলছেন, কেউ বলছেন আইনিপ্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা। আবার সামাজিক মাধ্যমে অনেকে ট্রাভেল পাস না চেয়ে পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছেন। তাঁদের প্রশ্ন, দেশে ফেরার উদ্দেশ্য যদি আদালতে আত্মসমর্পণ করা হয়, তাহলে সাধারণ পাসপোর্টের প্রয়োজনীয়তা কোথায়?
তবে বাস্তবতা যাই হোক, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের প্রধান কূটনৈতিক পথ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০১৩ সালে স্বাক্ষরিত এ চুক্তি ২০১৬ সালে সংশোধন করা হয়। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে এক দেশ অন্য দেশের কাছে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে।
তবে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিংবা ন্যায়বিচারের স্বার্থে সদুদ্দেশ্যে করা হয়নি বলে বিবেচিত হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। ভারত সরকারের সম্মতি, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং প্রত্যর্পণ চুক্তির প্রয়োগ-সবকিছুই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারত এখন পর্যন্ত তাঁকে হস্তান্তর করেনি। নতুন পাসপোর্টের অনুরোধ এই জটিলতায় নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে দিল্লিতে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবরে নড়েচড়ে বসে ঢাকাও। দেশে ফেরার জন্য শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়ে দেন বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার। প্রতিমন্ত্রী বিষয়টিকে রাজনৈতিক নাটক হিসেবেও অভিহিত করেছেন। তিনি বলেছেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। একজন দণ্ডিত আসামির ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হওয়ার প্রশ্নও নেই।
ঘটনাটি প্রকাশের পর সরকারের বক্তব্যে প্রশাসনিক ও রাজনৈতিক অবস্থানের পার্থক্য দেখা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বিষয়টি নিয়ে কথা বলেন। সোমবার নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় আবেদনটির সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করছে। পাসপোর্ট, নাগরিকত্ব ও এনআইডিসংক্রান্ত আইন পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সরকারের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হলেও প্রশাসনিক প্রক্রিয়া এখনো পর্যালোচনাধীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আবেদনটিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরবেন না এবং এ বিষয়ে প্রসিকিউশন পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে। তবে এটি তাঁর রাজনৈতিক মূল্যায়ন; দেশে ফেরার সম্ভাবনা বা আইনি প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী পাসপোর্ট ও এনআইডি চাওয়ার ঘটনাকে নির্লজ্জ আচরণ বলে মন্তব্য করেন। তাঁর প্রশ্ন, ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার প্রত্যাশা করতে পারেন? এ বিষয়ে আইন নিজস্ব গতিতে চলবে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, শেখ হাসিনার আবেদনটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, আইনজীবী প্রতিষ্ঠানটি সরাসরি দেশে ফেরার অনুমতি চায়নি, বরং পাসপোর্ট ও এনআইডি দেওয়ার ব্যবস্থা নিতে বলেছে। এর মধ্য দিয়ে শেখ হাসিনা মূলত নাগরিক অধিকার, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আইনি প্রশ্ন তোলার সুযোগ তৈরি করতেই এমনটি করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে পাসপোর্টের জন্য শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন স্পষ্ট জানিয়েছে, শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। তিনি লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠান ইমেইল পাঠিয়ে তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছে। কিন্তু ওই ইমেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি ছিল না। ফলে এটি আদৌ তাঁর অনুমোদিত উদ্যোগ কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে, হাইকমিশন।
এই মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, নাগরিকত্ব থাকা এবং পাসপোর্ট পাওয়ার যোগ্যতা এক বিষয় নয়। একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলেও নির্দিষ্ট আইনগত কারণে তাঁর পাসপোর্ট ইস্যু বা নবায়ন আটকে যেতে পারে। আবার পাসপোর্ট না থাকলেই নাগরিকত্ব বিলুপ্ত হয় না। ফলে শেখ হাসিনার নাগরিকত্বের দাবি এবং নতুন পাসপোর্ট পাওয়ার যোগ্যতা দুটি পৃথক আইনি প্রশ্ন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









