ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন; আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এমন প্রতিবেদনের দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফেরত চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে একটি ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হাইকমিশনের একটি সূত্র।
এদিকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার প্রত্যাবর্তন বন্দি প্রত্যর্পণ চুক্তি এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার আওতায় বিবেচিত হবে। তার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত কোনো অনুরোধ পাঠানো হয়ে থাকলেও সেটির গ্রহণযোগ্যতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।
এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’
জুলাই গণ-আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি ইমেইল পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি আইনি প্রতিষ্ঠান। তবে ওই ইমেইলে আইনি প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অথরাইজেশন নেই।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। এতে আরো বলা হয়েছে, আদৌ অনুরোধটি সঠিক কি না-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে প্রকাশিত এসব খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।
নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। তবে আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো সেই ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন (অথরাইজেশন) সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। গতকাল বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
মো. সুজাউদ্দৌলা লিখেছেন, ‘ছাত্র-জনতার গণআন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। তার আবেদন নিয়ে কিছু গণমাধ্যম যে শিরোনাম করেছে, তা বিভ্রান্তিকর। এসব শিরোনাম জনমনে বিভ্রান্তি ছড়ায়।
এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে আলাপের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে।
তিনি জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন (অথরাইজেশন) সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগের কথা জানিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
তিনি জানান, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুদক।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার ঘটনায় শেখ হাসিনার পক্ষ থেকে এটিই ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। প্রতিবেদনে দাবি করা হয়, গতকাল সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠি দেখার সুযোগ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করার পর নতুন করে এসব নথি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সনদের আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী বলেও তার সহযোগীদের বরাত দিয়ে উল্লেখ করা হয়।
তবে রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশের কূটনৈতিক ও প্রশাসনিক সূত্রগুলো।
তথ্য অনুযায়ী, শেখ হাসিনা কিংবা তার আইনজীবীদের পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন বা চিঠি এখন পর্যন্ত গ্রহণ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। এ বিষয়ে হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে হাইকমিশনের ই-মেইলে একটি বার্তা এসেছে। সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ই-মেইলটি সত্যিই শেখ হাসিনার পক্ষে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো বার্তার সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা প্রতিনিধিত্বের পক্ষে কোনো অথরাইজেশন কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তিনি আরো স্পষ্ট করেন, হাইকমিশনে আসা ই-মেইলটি নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আনুষ্ঠানিক আবেদন নয়। বিষয়টি পর্যালোচনার জন্য ই-মেইলটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার টানা প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই সময়ের প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। ফলে তার সম্ভাব্য দেশে ফেরা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









