মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়ার সঙ্গেই সামনে এসেছে অভিবাসন ব্যয়ের বিশাল অসংগতি এবং সিন্ডিকেটের পুরনো থাবা। একদিকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকার কিছু বেশি, অন্যদিকে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো কাজের ধরনভেদে আদায় করছে ৬ থেকে সাড়ে ৭ লাখ টাকা। চাহিদাপত্র সংগ্রহ, ভিসা প্রক্রিয়াকরণ ও মধ্যস্বত্বভোগীদের কমিশনের নামে কর্মীদের কাঁধে চাপানো এই অতিরিক্ত অর্থ শেষ পর্যন্ত রূপ নিচ্ছে ঋণের বোঝা ও শোষণে। চাকরির চাহিদাপত্র সংগ্রহ, ভিসা প্রক্রিয়াকরণ ও মধ্যস্বত্বভোগীদের কমিশনের নামে এই বাড়তি অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নতুন করে কর্মী পাঠানোর প্রস্তুতির মধ্যেই শ্রমবাজারে পুরোনো সিন্ডিকেটের প্রভাব থেকে যাওয়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত বাস্তবসম্মত অভিবাসন ব্যয় নির্ধারণের পাশাপাশি অর্থ পরিশোধের পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা প্রয়োজন। তা না হলে এজেন্সিগুলো ইচ্ছামতো অর্থ আদায় করতে পারে। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, আগের নির্ধারিত ব্যয় বাস্তবসম্মত ছিল না। নতুন করে ব্যয় নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম এদিনকে বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই কর্মী পাঠান। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দেড় লাখ টাকা বোয়েসেল নিতে পারে। তবে বেসরকারি রিক্রুটিং এজেন্সির খরচ বেশি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কেননা, মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ সদস্যের সিন্ডিকেটের হাতে জিম্মি। সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগ হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এছাড়াও ভিসাখরচ আগের চেয়ে দ্বিগুন বেড়েছে। অন্য দেশে শ্রমিক যাওয়ার কম সুযোগ থাকায় মালয়েশিয়ার শ্রমবাজারে চাহিদা বেশি থাকায় খরচ বাড়ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশি কিছু প্রবাসী মালয়েশিয়ায় বসবাস করায় তারাও কর্মী নিয়োগের প্রক্রিয়ার সাথে জড়িয়ে গেছেন। অভিবাসন ব্যয় বাড়ার পেছনে এটাও একটি কারণ। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে কর্মীদের জন্য আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে ব্যয় নির্ধারণ করা বাস্তবসম্মত বলেও মনে করেন তিনি। অবশ্য ফখরুল ইসলাম আরও জানান, জনশক্তি রপ্তানিতে অভিবাসন ব্যয়ের এই বিশাল পার্থক্য কমানোর জন্য সরকারকে অবশ্যই সিন্ডিকেট ভাঙতে হবে। তাছাড়া, মালয়েশিয়া শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বেসরকারি এজেন্সিগুলোর জন্য একটা ফি নির্ধারণ করা এবং ডিজিটালি সিস্টেম চালু করে তা মনিটরিং করা। কেউ বাড়তি টাকা নিলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন এদিনকে বলেন, বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সম্ভাব্য ব্যয় দেড় লাখ টাকার কাছাকাছি, অথচ বেসরকারি এজেন্সির চাওয়া ছয় থেকে সাড়ে সাত লাখ টাকা—এই ব্যবধান অত্যন্ত বড়। কাজের ধরন, নিয়োগকর্তা, বেতন, চিকিৎসা পরীক্ষা, প্রশিক্ষণ ও যাতায়াতের খরচে পার্থক্য থাকতে পারে। তবে এসব কারণ দেখিয়ে কয়েক গুণ বেশি অর্থ নেওয়া গ্রহণযোগ্য নয়। প্রতিটি খরচের স্বচ্ছ হিসাব থাকতে হবে। অতিরিক্ত ব্যয় কর্মীকে ঋণগ্রস্ত করে এবং বিদেশে গিয়ে আয় থেকে ঋণ শোধের চাপ তৈরি করে। এতে প্রতারণা, চুক্তিবহির্ভূত কাজ এবং অনিয়মিত পথে অভিবাসনের ঝুঁকিও বাড়ে। সরকারের উচিত দেশ ও কাজভিত্তিক অনুমোদিত খরচ প্রকাশ করা, এজেন্সিগুলোর কাছ থেকে খাতওয়ারি হিসাব নেওয়া এবং ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা।
নির্ধারিত সীমার বেশি অর্থ আদায় করলে লাইসেন্স স্থগিতসহ কার্যকর শাস্তি দিতে হবে। নিয়োগকর্তার বহনযোগ্য খরচ কর্মীর ওপর চাপানো হচ্ছে কি না, সেটিও যাচাই জরুরি। বোয়েসেলের সক্ষমতা ও স্বচ্ছ নিয়োগ বাড়াতে হবে, পাশাপাশি কর্মীদের জন্য অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা রাখতে হবে। এতে ন্যায্য ব্যয় নিশ্চিত হবে এবং নিরাপদ অভিবাসনের পথ তৈরি হবে।
জানা গেছে, মালয়েশিয়ায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে একজন কর্মী পাঠাতে সম্ভাব্য ব্যয় ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। অথচ বেসরকারি এজেন্সিগুলোতে কাজের ধরনভেদে চাওয়া হচ্ছে ৬ লাখ থেকে সাড়ে ৭ লাখ টাকা। বেসরকারি এজেন্সিতে চাওয়া সর্বোচ্চ সাড়ে ৭ লাখ টাকা বোয়েসেলের সম্ভাব্য ব্যয় ১ লাখ ৬০ হাজার টাকার প্রায় ৪ দশমিক ৭ গুণ। তবে বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর ব্যয় এখনও নির্ধারণ করা হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে এই ব্যয় নির্ধারণ করা হবে।
শ্রমশক্তি খাতের ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত আগের অভিবাসন ব্যয় বাস্তবসম্মত ছিল না। ২০২২ সালেও এ বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। এবারও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের ভাষ্য, আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চাহিদাপত্র সংগ্রহে ব্যয় হতো ২-৩ হাজার রিঙ্গিত। এখন তা বেড়ে ৮-১০ হাজার রিঙ্গিত হয়েছে। কোনো কোনো ব্যবসায়ীর হিসাবে এই ব্যয় ১০ থেকে ১২ হাজার রিঙ্গিত পর্যন্ত উঠেছে। ফলে কর্মীপ্রতি খরচও বাড়বে বলে মনে করছেন তারা।
তথ্যানুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত মোট অভিবাসন ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। এর মধ্যে ছিল পাসপোর্ট ফি, মেডিকেল পরীক্ষা ফি, রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি, কল্যাণ ফি, বিমা বা ইন্স্যুরেন্স ফি। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। বিভিন্ন স্তরে দালাল ও এজেন্সির সিন্ডিকেটের জন্য ওই সময়ে বাংলাদেশি কর্মীদের খরচ দাঁড়িয়েছিল ৫-৬ লাখ টাকা। অথচ নেপালের নাগরিকদের খরচ হয় দুই থেকে আড়াই লাখ টাকা। ইন্দোনেশিয়ান কর্মীদের খরচ হয় এক থেকে দেড় লাখ টাকা। ফিলিপাইন নাগরিকদের খরচ হয় পঞ্চাশ থেকে আশি হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে সাব-এজেন্সির তালিকাভুক্ত এক রিক্রুটিং এজেন্সির মালিক বলেন, তিনি ইতিমধ্যে এক হাজারের বেশি পাসপোর্ট সংগ্রহ করেছেন। আরো পাসপোর্ট সংগ্রহ চলছে। তার দাবি, আগ্রহীদের অন্তত সাত লাখ টাকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। চূড়ান্ত ব্যয় নির্ধারিত না হওয়ায় এই অঙ্ক আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ওই ব্যবসায়ীর ভাষ্য, মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি থেকে চাহিদাপত্র সংগ্রহে বড় অঙ্কের অর্থ ব্যয় করছেন বড় ব্যবসায়ীরা। এর বাইরে সংশ্লিষ্ট মধ্যস্বত্বভোগীদেরও অর্থ দিতে হয়। ফলে ছোট এজেন্সিগুলোর পক্ষে কম খরচে কর্মী পাঠানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা সম্ভাব্য কর্মীদের মধ্যেও বাড়তি খরচের আশঙ্কা তৈরি হয়েছে। সুনামগঞ্জের আলমাছ আলী গ্রামে মুদি দোকান চালিয়ে সংসার চালান। আড়াই বছর ধরে তিনি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার অপেক্ষায় ছিলেন। সম্প্রতি এক প্রতিবেশী তাকে মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে পাসপোর্ট জমা দিতে বলেন। খরচের বিষয়ে জানতে চাইলে সাত লাখ টাকার বেশি প্রস্তুত রাখতে বলা হয়। ঢাকার রামপুরার বাসিন্দা মুন্না মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং প্রতিনিধি হিসেবে কাজ করেন। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর খবর দেখে পরিচিত একটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন তিনি। মুন্না বলেন, এবার খরচ বেশি হবে জানিয়ে তাকে প্রাথমিকভাবে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা প্রস্তুত রাখতে বলা হয়েছে।
রাজধানীর কয়েকটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানায় কাজের জন্য ৭ লাখ, মেডিকেল সার্ভিসের কাজের জন্য সাড়ে ৭ লাখ এবং নির্মাণ খাতের জন্য ৬ লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। কর্মপ্রার্থীদের কাছ থেকে পাসপোর্টের সঙ্গে জামানত হিসেবে নেওয়া হচ্ছে ১ থেকে ২ লাখ টাকা। নাম প্রকাশ না করার শর্তে পল্টনের একটি রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে দাবি করা হয়, সরকারি ফির বাইরে প্রতিটি ভিসার জন্য মালয়েশিয়ায় আরও ৫ হাজার রিঙ্গিত দিতে হচ্ছে। এরপর দেশের বিভিন্ন এজেন্সি ও মধ্যস্বত্বভোগীর কমিশন যুক্ত হয়ে কর্মীর ব্যয় বাড়ছে। প্রতিষ্ঠানটি কারখানা, মেডিকেল সার্ভিস ও নির্মাণ খাতে কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানায়। খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, নিয়োগকর্তার কাছ থেকে চাকরির চাহিদাপত্র সংগ্রহের পর তা একাধিক মধ্যস্বত্বভোগী ও এজেন্সির হাত ঘুরে কর্মীর কাছে পৌঁছায়। প্রতিটি ধাপে কমিশন যুক্ত হওয়ায় শেষ পর্যন্ত এর বোঝা কর্মীর ওপর পড়ে। স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা প্রক্রিয়াকরণের নামেও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রকাশিত তালিকায় উপদ্বীপীয় মালয়েশিয়ায় উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে বার্ষিক লেভি ১ হাজার ৮৫০ রিঙ্গিত, অস্থায়ী কর্মসংস্থান পাসের ফি ৬০ রিঙ্গিত এবং প্রসেসিং ফি ১২৫ রিঙ্গিত। এই তিন খাতে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৩৫ রিঙ্গিত। কৃষি ও বাগান খাতে একই তিন ধরনের ফি মিলিয়ে পরিমাণ ৮২৫ রিঙ্গিত। তবে এগুলো সব ধরনের ফিসহ একটি ভিসার মোট খরচ নয়। বাংলাদেশিদের জন্য ভিসা ফি আরও ২০ রিঙ্গিত এবং নিরাপত্তা জামানত আলাদাভাবে ৫০০ রিঙ্গিত উল্লেখ রয়েছে। তা ছাড়া অভিবাসন বিভাগের ওয়েবসাইটে তালিকাটি অস্থায়ী কর্মসংস্থান পাস নবায়নের ফি অংশে দেওয়া হয়েছে। সাবাহ ও সারাওয়াকে লেভির হারও আলাদা। ফলে এই তালিকা দিয়ে প্রথমবার কর্মী নিয়োগের সম্পূর্ণ ব্যয় নির্ধারণ করা যায় না। অভিবাসন বিভাগের নির্দেশনা অনুযায়ী, বিভাগটিতে প্রদেয় জামানত, ভিসা এবং বিদেশি কর্মীর লেভি ও পাসের অর্থ পরিশোধের দায়িত্ব নিয়োগকর্তার। তাই এসব অর্থ সরাসরি কর্মীর অভিবাসন ব্যয়ে যুক্ত করার আগে নিয়োগচুক্তি ও ব্যয় বণ্টনের শর্ত বিবেচনায় নিতে হবে।
বোয়েসেল সূত্রে পাওয়া সম্ভাব্য হিসাবে মালয়েশিয়ার এজেন্টের জন্য ৭৫ হাজার টাকা, বিমানভাড়া প্রায় ৪৫ হাজার, প্রশিক্ষণ ফি ২২ হাজার, স্বাস্থ্য পরীক্ষায় ১০ হাজার এবং সাক্ষাৎকারসহ অন্যান্য খাতে ১০ হাজার টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে এই হিসাব দাঁড়ায় ১ লাখ ৬২ হাজার টাকা। এটি সূত্রের দেওয়া হিসাব; চূড়ান্ত নির্ধারিত ব্যয় নয়।
গত ২৮ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক সংলাপ শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বোয়েসেলের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, একজন কর্মীর যেতে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মতো খরচ হতে পারে। বেসরকারি এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মাধ্যমে কর্মী পাঠানোর ব্যয়ও নির্ধারণ করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বোয়েসেল, ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি মিলিয়ে মোট ৩৩৮টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজতে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে এবং বাংলাদেশে কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। কলিং ভিসা ও ই-ভিসাসংক্রান্ত প্রশাসনিক কাজে বোয়েসেল এবং ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি সহায়তা দেবে। ফলে ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে ওই ২৫টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন সাব–এজেন্সি হিসেবে উল্লেখ করা হয়নি। একই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নিয়োগের বিষয়ে মালয়েশিয়ার নীতিগত সম্মতির কথাও জানানো হয়।
এদিকে রাজধানীর পল্টন, কাকরাইল, ফকিরাপুল ও মতিঝিলের কয়েকটি এজেন্সিতে সরেজমিন দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মপ্রার্থীরা পাসপোর্ট জমা দিচ্ছেন। তাদের কাছ থেকে জামানত হিসেবে ১ থেকে ২ লাখ টাকা নেওয়া হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রশাসনিক প্রক্রিয়ায় সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা থাকলে ব্যয় ও সেবা মাশুলের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কোন প্রতিষ্ঠান কোন কাজের জন্য কত টাকা নিচ্ছে তা স্পষ্ট না হলে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি হয়।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এর আগেও অতিরিক্ত অর্থ আদায় ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। ২০২২ সালে কর্মী পাঠানো শুরুর সময় বাংলাদেশ অংশে সরকার নির্ধারিত সর্বোচ্চ ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু কর্মীদের কাছ থেকে এর কয়েক গুণ অর্থ নেওয়ার অভিযোগ ওঠে।
প্রথম আলোর একটি প্রতিবেদনে মালয়েশিয়াগামী কর্মীদের গড় ব্যয় ৫ লাখ ৪৪ হাজার টাকা হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। তবে ওই প্রতিবেদনে এই গড়ের মূল জরিপ ও সময়কাল স্পষ্ট করা হয়নি। অনুমোদিত কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় ছিল ২০২৪ সালের ৩১ মে। এই সময়সীমা বাংলাদেশসহ একাধিক কর্মী প্রেরণকারী দেশের জন্য প্রযোজ্য ছিল। ফলে ঘটনাটিকে শুধু বাংলাদেশের কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্ত হিসেবে দেখানো যথাযথ নয়। মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের খবরও প্রকাশিত হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে আদালতে কার্যক্রম হয়েছে। চলতি বছরের ২১-২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। এরপর শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে দুই দেশের তৎপরতা চলতে থাকে। অক্টোবরে মন্ত্রণালয় নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়।
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান বেস্টিনেট। প্রতিষ্ঠানটি তুরাপ নামে নতুন একটি নিয়োগ প্ল্যাটফর্মের প্রস্তাবও দিয়েছে। তবে মাইগ্রামস ও এফডব্লিউসিএমএসকে একই সফটওয়্যারের দুটি নাম হিসেবে উল্লেখ করার ভিত্তি পাওয়া যায়নি; বেস্টিনেটের ওয়েবসাইটে এগুলো আলাদাভাবে তালিকাভুক্ত রয়েছে। বিদেশি কর্মী নিয়োগে নতুন প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যমে আলোচনা ও প্রশ্ন উঠেছে। তবে বেস্টিনেটের বক্তব্য, তুরাপ বিদ্যমান সরকারি ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, সেগুলোর পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থা নিয়ে অনিয়মের অভিযোগও প্রত্যাখ্যান করেছে। নতুন করে কর্মী পাঠানোর প্রস্তুতির মধ্যে তাই নিয়োগ ব্যয়, এজেন্সির সেবা মাশুল এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা স্পষ্ট করার দাবি উঠেছে। ফাহমিদা খাতুনের মতে, ব্যয়ের তালিকা প্রকাশের পাশাপাশি নিয়মিত তদারক ও অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









