পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয়কে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার পর উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
বোদা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছাত্রলীগের ডাকা হরতালকে কেন্দ্র করে দেবীগঞ্জ থেকে সাকোয়ায় এসে নাশকতার পরিকল্পনা করছিলেন নিলয়—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বোদা থানার উপপরিদর্শক (এসআই) অলকান্ত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
এদিকে, নিলয়ের গ্রেপ্তারের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডলের অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে তার সরকারি নম্বরে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট এসআইয়ের সঙ্গে কথা বলে তথ্য নিতে বলেন। এ সময় এসআইয়ের মোবাইল নম্বর চাইলে তিনি কলটি কেটে দেন বলে অভিযোগ করেন প্রতিবেদক।
পরবর্তীতে সারা দিন তথ্য না পেয়ে রাত ৮টা ৫৩ মিনিটে পুনরায় যোগাযোগ করা হলে তিনি একইভাবে এসআই অলকান্ত রায় অথবা স্থানীয় সাংবাদিক আকাশের সঙ্গে কথা বলে তথ্য নেওয়ার পরামর্শ দেন।
তথ্য প্রদানে এমন অসহযোগিতার বিষয়টি দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণকে মুঠোফোনে জানানো হলে তিনি বলেন, “তথ্য কেন দেবে না? এটি তো গোপন কোনো বিষয় নয়। আমি কথা বলে দেখব।”
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মোনায়েম প্রধান নিলয়কে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









