পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আলী হোসেন মোল্লা (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রী জেসমিন বেগম (৩৮) পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব চুঙ্গাপাশা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব চুঙ্গাপাশা এলাকায় আলী হোসেন মোল্লার বাড়িতে অভিযান চালায় সদর থানা-পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় আলী হোসেন মোল্লাকে আটক করা সম্ভব হলেও এক নারী পালিয়ে যান। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী ওই নারীকে তার স্ত্রী জেসমিন বেগম হিসেবে শনাক্ত করা হয়।
পুলিশের দাবি, আলী হোসেনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার প্যান্টের পকেট থেকে মাদক বিক্রির ৫ হাজার ৪৮৫ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে, আলী হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় আলী হোসেন ও তার স্ত্রী জেসমিন বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আলী হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









