জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও কার্বন নিঃসরণ কমাতে বিশ্বজুড়ে বিদ্যুতায়নের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রেসিডেন্সি। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩% থেকে বাড়িয়ে ৩৫%-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের মাধ্যমে এ লক্ষ্য ঘোষণা করা হয়। এ উদ্যোগের আওতায় পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
কপ-৩১ -এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, বিদ্যুতায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বৈশ্বিক লক্ষ্য ছিল না। ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সেই ঘাটতি পূরণ করবে। তিনি বলেন, চলতি বছরের জ্বালানি সংকট বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, কার্বন নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈশ্বিক অর্থনীতির বিদ্যুতায়ন এখন অত্যন্ত জরুরি। মুরাত কুরুম আরও বলেন, বিদ্যুতের যুগ বাস্তব রূপ নিতে শুরু করেছে। কপ৩১ সেই সম্মেলন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যখন আমরা পরিবর্তনের সুইচটি চালু করেছিলাম।
কপ৩১-এর প্রেসিডেন্ট অব নেগোসিয়েশন ক্রিস বোয়েন বলেন, দ্রুত বিদ্যুতায়নের জন্য শুধু উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, এর বাস্তবায়নে প্রয়োজন বিনিয়োগ, অবকাঠামো ও কার্যকর পরিকল্পনা। পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী গ্রিড এবং বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিবার, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং নিঃসরণ কমবে।
বিদ্যুতায়ন কার্যক্রম ত্বরান্বিত করতে ‘ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স’ (ইউএনইজেডএ) তাদের বার্ষিক গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতের বিনিয়োগ প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলার করেছে। এদিকে ১৮০টির বেশি কোম্পানি বিদ্যুতায়নের পক্ষে সমর্থন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি।
সমর্থনকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভলভো, উবার, আইকিয়া ও সিমেন্স। এছাড়া উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতায়ন খাতে অর্থায়ন বাড়াতে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’ নামের এই জোটের ২০২৭ সালের প্রথম সহ-সভাপতির দায়িত্ব পালন করবে বিশ্বব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক।
নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় গুরুত্ব বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরেনা) কাজ করবে। আইইএ বৈশ্বিক বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণে একটি ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে। অন্যদিকে আইরেনা উন্নয়নশীল দেশগুলোকে বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগের প্রয়োজন নির্ধারণ এবং অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে সহায়তা দেবে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো ‘ইলেকট্রিফিকেশন ফোরাম’ আয়োজন করছে কপ৩১ প্রেসিডেন্সি। সম্মেলন শেষ হওয়ার পরও সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও অর্থায়নকারীদের অংশগ্রহণে নিয়মিত এ ফোরামের কার্যক্রম চলবে।
বিশ্বব্যাপী পণ্য পরিবহনে কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক পরিবহন ফোরামের সঙ্গে যৌথভাবে ‘গ্লোবাল গ্রীন ফ্রেইট করিডরস ইনিশিয়েটিভ’ চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। বিদ্যুতায়নের ফলে উন্নয়নশীল দেশগুলোতে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনমান উন্নয়ন ও জ্বালানি স্বাধীনতা অর্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ বিষয়ে তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে ‘সাসটেইনেবল এনার্জি ফর অল’ (এসইফরঅল)-এর সহযোগিতায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘দ্য ইলেকট্রিফিকেশন অপরচুনিটি’ শীর্ষক প্রতিবেদনে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য বিদ্যুতায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
এসইফরঅলের প্রধান নির্বাহী কর্মকর্তা দামিলোলা ওগুনবিয়ি বলেন, বিদ্যুতায়ন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও জ্বালানি স্বনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি করে।
কপ৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে বিদ্যুতায়ন ছাড়াও জলবায়ু অর্থায়ন, শিল্পায়ন ও সহনশীল নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নতুন উদ্যোগ ও অঙ্গীকার ঘোষণা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









