ভারত-নিউজিল্যান্ড সিরিজের মাঝেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন আর্শদীপ সিং। প্রেমিকা সামরিন কৌরের সঙ্গে বাগ্দান সেরে ফেললেন তিনি।
কয়েক দিন আগেই আইপিএলে পাঞ্জাব কিংস থেকে তার মুম্বাই ইন্ডিয়ান্সে যোগদানের খবর সামনে এসেছে। এবার এল বাগ্দানের খবর।
ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়ে বাগ্দানের কথা জানিয়েছেন সামরিন। সেখানে দেখা যাচ্ছে, আর্শদীপ হাঁটু মুড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আংটি পরিয়ে দেওয়ার ছবিও পোস্ট করেছেন তিনি। একসঙ্গে হাসিমুখে ছবি দিয়েছেন দু’জনে।
পোস্টের ক্যাপশনে সামরিন লিখেছেন, “জীবন আমাদের যা কিছু দিয়েছে, তার মধ্যে সবচেয়ে আনন্দের হল আমাদের একে অপরকে পাওয়া। সারা জীবন একসঙ্গে থাকব। ১১.১১.২০২৬।”
নিউজিল্যান্ড সফরে আর্শদীপের সঙ্গেই গিয়েছিলেন সামরিন। সেখানে তার বাবা দর্শন সিংসহ পরিবারের বাকিরাও রয়েছেন। হয়তো বাগ্দানের পরিকল্পনা আগে থেকেই ছিল তার। সেই কারণেই পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
চার মাস আগে প্রথমবার সামরিনের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আর্শদীপ।
সামরিনের দু’টি ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছিলেন, “আমার কাছের লোক।” তার পর থেকে দু’জনকে প্রকাশ্যে অনেকবার দেখা গিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









