প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে কাজে গতি আনা, সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাইলের জট খোলা এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা কমানোসহ আমলাতন্ত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় একগুচ্ছ উদ্যোগ নিয়েছে সরকার। এরই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চলছে আকস্মিক পরিদর্শন। ৪৭টি মন্ত্রণালয় ও বিভাগকে আনা হয়েছে আঙুলের ছাপভিত্তিক হাজিরা ব্যবস্থার আওতায়। পাশাপাশি সরকারি ফাইলের অগ্রগতি ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
কিন্তু প্রশাসন-সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে, নিয়মিত হাজিরা, আকস্মিক পরিদর্শন ও ফাইল তদারকির মাধ্যমে আমলাতন্ত্রের দীর্ঘদিনের জটিলতা কতটা দূর করা সম্ভব? প্রশাসনের ভেতরে সিদ্ধান্তহীনতা, দায়িত্ব এড়ানোর প্রবণতা, পদোন্নতি ও নিয়োগে বিতর্ক এবং জবাবদিহির দুর্বলতা দূর না হলে শুধু নজরদারি বাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
সূত্র জানায়, প্রশাসনের কার্যক্রমে গতি আনতে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের তিনটি পরিদর্শক দল বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কাজ করছে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত এসব দল সরকারি ফাইলের গতি-প্রকৃতি, নিষ্পত্তির অগ্রগতি এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো ফাইল কতদিন ধরে পড়ে আছে, কোন পর্যায়ে আটকে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কেন সিদ্ধান্ত নিচ্ছেন না- এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, পরিদর্শক দলগুলো নির্দিষ্ট দপ্তরে পুরো কর্মদিবস অবস্থান করে দৈবচয়নের ভিত্তিতে ফাইল পরীক্ষা করছে। কোথায় দ্রুত ফাইল নিষ্পত্তি হচ্ছে, আর কোথায় দীর্ঘদিন ধরে ফাইল জমে রয়েছে, তার চিত্রও নেওয়া হচ্ছে। কোনো ফাইল অস্বাভাবিকভাবে আটকে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বিলম্বের কারণ জানতে চাওয়া হচ্ছে। বলা হচ্ছে, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতেও।
এ ছাড়া অতিরিক্ত সচিবদের নেতৃত্বে পৃথক আকস্মিক পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের উপস্থিতি, দায়িত্ব পালন ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। একবার পরিদর্শনের পর পরবর্তী মাসে আবারও সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে অগ্রগতি যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা দৈনিক এদিনকে জানান, ইতোমধ্যে ৪৭টি মন্ত্রণালয় ও বিভাগকে আঙুলের ছাপভিত্তিক হাজিরা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি ও কর্মঘণ্টা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাজিরা ব্যবস্থার তথ্য পর্যবেক্ষণের সুযোগ রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিবের। প্রধানমন্ত্রীও এ ব্যবস্থায় নিজের হাজিরা রেকর্ড করেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
নজরদারির বাইরে থাকছে কি কাঠামোগত সমস্যা?
সরকারের এসব উদ্যোগে প্রশাসনের দৈনন্দিন কর্মকাণ্ডে শৃঙ্খলা আনার চেষ্টা স্পষ্ট। তবে সরকারি দপ্তরে ফাইল আটকে থাকা কিংবা কর্মকর্তাদের সময়মতো অফিসে না আসাই জনপ্রশাসনের একমাত্র সমস্যা নয়। প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা, দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা, রাজনৈতিক প্রভাব, নিয়োগ-পদোন্নতির বিতর্ক এবং জবাবদিহির দুর্বলতাও দীর্ঘদিনের সমস্যা হিসেবে আলোচিত।
ব্যবসায়িক অনুমোদন, নাগরিক সেবা কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে ফাইলের দীর্ঘসূত্রতায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে এ ধরনের বিলম্ব অনিয়ম ও অনানুষ্ঠানিক লেনদেনের সুযোগ তৈরি করে। ফলে ফাইল দ্রুত নিষ্পত্তির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হলেও এর স্থায়ী ফল পেতে হলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তবে এসব পরিদর্শনের ফলে ফাইল নিষ্পত্তির গড় সময় কতটা কমেছে কিংবা জমে থাকা ফাইলের সংখ্যা কতটা হ্রাস পেয়েছে, সে বিষয়ে সরকার এখনো কোনো তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে নজরদারি কার্যক্রমের বাস্তব সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা পরিমাপের সুযোগও সীমিত।
জানতে চাইলে সাবেক সচিব আবদুল আওয়াল মজুমদার বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা মূলত প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন। সে কারণে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের এখতিয়ার তাদের রয়েছে। তার মতে, প্রশাসনে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা গুরুত্বপূর্ণ। ইউরোপ, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে সরকারি কর্মকর্তাদের দেরিতে অফিসে আসার সংস্কৃতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাদিক হাসান বলছেন ভিন্ন কথা। তিনি মনে করেন, মন্ত্রিপরিষদ বিভাগের এ ধরনের সরাসরি তদারকি প্রশাসনে দ্বৈত কর্তৃত্বের পরিস্থিতি তৈরি করতে পারে। তাঁর মতে, প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে জবাবদিহি করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সরাসরি ফাইল ব্যবস্থাপনা তদারকি করার পরিবর্তে বিদ্যমান জবাবদিহির কাঠামো কার্যকর করা উচিত। এ অবস্থায় সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি মন্ত্রণালয়গুলোর নিজস্ব প্রশাসনিক কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সমন্বয় বজায় রাখা।
এদিকে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ একটি নির্দেশনা জারি করে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণের নির্দেশ দেওয়া হয়। ২০১৯ সালের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা এবং ২০২৪ সালের সচিবালয় নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
এরপর ২ মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষরে জারি করা আরেকটি পরিপত্রে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে অবস্থান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কিংবা ব্যক্তিগত কাজে অফিসে আসতে দেরি করায় সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। দিনের শুরুতে কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণেও সমস্যা তৈরি হচ্ছিল।
তবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা কতটা কার্যকর হবে, তা নিয়ে মতভেদ রয়েছে। অধ্যাপক সাদিক হাসানের মতে, যেসব কর্মকর্তাকে দায়িত্বের অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দপ্তরে সভা, বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতে হয়, তাঁদের জন্য প্রতিদিন সকালে প্রথমে অফিসে এসে হাজিরা দেওয়া কিছুটা অসুবিধাজনক হতে পারে। নির্দিষ্ট কর্মস্থলে অবস্থান করতে হয় এমন কর্মচারীদের ক্ষেত্রে এ ব্যবস্থা বেশি কার্যকর।
প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আকস্মিক পরিদর্শন করছেন। গত ২৯ মার্চ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল ৯টা ৫ মিনিটের দিকে সচিবালয়ে পৌঁছে নিজের দপ্তরে যাওয়ার আগে বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, শিক্ষা, গৃহায়ণ ও গণপূর্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। কর্মকর্তা-কর্মচারীদের যথাসময় উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি বিদ্যুৎ ও সরকারি সম্পদের অপচয় রোধের নির্দেশ দেন তিনি।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসে উপস্থিতি, বিদ্যুৎ সাশ্রয় ও কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নতুন নির্দেশনা দেয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা, অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা এবং কক্ষে কেউ না থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করে দেশীয় কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য ও কৃষিপণ্যের আমদানি-নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। কৃষি গবেষণা, উৎপাদনশীলতা, যান্ত্রিকীকরণ এবং কৃষকের উৎপাদন ব্যয় কমানোর বিষয়েও আলোচনা হয়। ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়।
এরপর ১১ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ১৪ অক্টোবর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার নির্দেশ দেন। ১৫ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিদর্শন করে পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় দেশের মাতৃগাছ চিহ্নিত করে ছয় মাসের মধ্যে সংরক্ষণের সিদ্ধান্ত হয়।
সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নই বড় পরীক্ষা
প্রশাসনের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি জনপ্রশাসনের কাঠামোগত সংস্কার কতটা এগোচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ২০২৬ সালের এক মূল্যায়নে জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি ও সংস্কার কার্যক্রম নিয়ে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
মূল্যায়নে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তী সরকার ১ হাজার ৫৪৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। আগের আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে বিবেচিত কর্মকর্তাদের এসব পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি এবং সুপারনিউমারারি পদে পদোন্নতির বিষয়ও রয়েছে। তবে পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে সবসময় প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসরণ করা হয়নি বলে মূল্যায়নে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত থাকার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।
টিআইবির মূল্যায়ন অনুযায়ী, জনপ্রশাসন সংস্কার কমিশনের জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য চিহ্নিত ১৮টি সুপারিশের মধ্যে বাস্তবায়িত হয়েছে মাত্র তিনটি। কমিশন মোট ২০৮টি সুপারিশ করেছিল। প্রতিবেদনে অনুমোদিত পদ ও বাস্তবে কর্মরত কর্মকর্তার সংখ্যার মধ্যেও বড় ধরনের অসামঞ্জস্যের কথা বলা হয়েছে। প্রশাসনের কিছু অংশে ৩ হাজার ৬৯৬টি অনুমোদিত পদের বিপরীতে ৬ হাজার ৫৩৫ জন কর্মকর্তা কর্মরত থাকার তথ্য তুলে ধরা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে ২৬টি ক্যাডার কমিয়ে ১৩টি সার্ভিসে আনা এবং সচিবালয়ের জ্যেষ্ঠ পদের জন্য সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস গঠনের সুপারিশ ছিল। তবে এসব প্রস্তাব এখনো বাস্তবায়িত হয়নি।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর নজরদারি উদ্যোগ প্রশাসনের দৈনন্দিন কার্যক্রমে কতটা শৃঙ্খলা আনতে পারে, তার পাশাপাশি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সংস্কার কমিশনের সুপারিশগুলোর ভবিষ্যৎ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও ফাইল নিষ্পত্তি নিশ্চিত করা জরুরি; কিন্তু একই সঙ্গে নিয়োগ-পদোন্নতিতে স্বচ্ছতা, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং কার্যকর জবাবদিহিও নিশ্চিত করতে হবে।
প্রশাসনে গতি ফেরাতে প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি আপাতত দৃশ্যমান উদ্যোগ হিসেবে সামনে এসেছে। কিন্তু এর স্থায়ী সাফল্য নির্ভর করবে নজরদারির ধারাবাহিকতা, পরিদর্শনের ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নের ওপর। অন্যথায় কর্মকর্তাদের হাজিরা ও ফাইলের গতি-প্রকৃতি নিয়মিত পর্যবেক্ষণ করা হলেও আমলাতন্ত্রের ভেতরে দীর্ঘদিনের অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও জবাবদিহির ঘাটতি থেকেই যেতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









