বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ভ্যালুয়েড ব্রাদার’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং তুরস্কের সক্ষমতার জায়গা থেকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। এরদোয়ানের বক্তব্য উদ্ধৃত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলনে গতকাল রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়। বৈঠকে এরদোয়ানের মন্তব্য ছিল বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হওয়ার বাইরেও তারেক রহমান তাঁর কাছে একজন ‘ভাইয়ের মতো নেতা’।
কপ বহুপক্ষীয় সম্মেলনে স্বাগতিক দেশের প্রেসিডেন্টের সঙ্গে কয়েকটি দেশের সরকারপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানেরর সঙ্গে প্রথম দিনেই তার বৈঠক হওয়াকে বাংলাদেশের প্রতি তুরস্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। বাংলাদেশের জন্য নিজের ও তুরস্কের সক্ষমতা অনুসারে কাজ করার আশ্বাস দিয়ে এরদোয়ান প্রধানমন্ত্রীকে প্রয়োজন অনুসারে সহযোগিতা চাওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু পরিবর্তনে বরাদ্দকৃত ও গঠিত তহবিলের অর্থ লুটপাটের অভিযোগ তুলে কঠোর সমালোচনাও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই সরকারের আমলে জলবায়ু তহবিলের (Climate Fund) অর্থ লুটপাট ও নয়ছয় করা হয়েছে। ওই টাকা নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন অপ্রয়োজনীয় ও রাজনৈতিকভাবে প্রভাবিত খাতে খরচ বা এই লুটপাট করা হয়েছে।
নতুন উচ্চতায় সম্পর্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের ফলস্বরূপ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির জানান, তিন দিনের তুরস্ক সফরে চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর এ সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্পর্ক জোরদার এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সাংবাদিকরা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তুরস্ক থেকে প্রায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্রয়ের পর প্রতিরক্ষা বিনিয়োগ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, নেতারা প্রতিরক্ষা উৎপাদন এবং বিনিয়োগ অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে ডিফেন্স কোঅপারেশন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে— ইন টার্মস অফ ডিফেন্স বিনিয়োগ, ইন টার্মস অফ আমরা যদি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে পসিবল ইনভেস্টমেন্ট, তারপরে আবার ইন টার্মস অফ আদার এরিয়াস অব ডিফেন্স প্রোডাকশনে, আমাদের ওদিক থেকে একটা ইনভেস্টমেন্ট পার্টনারশিপে আসার ক্ষেত্রে ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রতিরক্ষা শিল্প পার্ক এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে একটি ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, এরদোয়ান মাত্র কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি তারেকের সঙ্গে বৈঠকটিকে ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ পৌঁছাচ্ছে। তিনি বলেন, উভয় পক্ষ রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা নিয়েও আলোচনা করেছে, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি রায়ের পর যৌথ প্রচেষ্টা এবং শক্তিশালী তহবিলের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
এড মিলিব্যান্ড থেকে 'বেয়াদবির ইঙ্গিত মেলেনি'
আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পা তুলে বসা নিয়ে আলোচনা-সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। উত্তরে হুমায়ুন কবির বলেন, বসার ক্ষেত্রে হয়ত ‘অস্বস্তিকর’ অবস্থায় ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে, এর মধ্যে ‘বেয়াদবির ইঙ্গিত’ তিনি দেখেননি। তিনি হাসতে হাসতে বলেন, ‘বসা নিয়ে… বসা আসলে বেচারাও নতুন দায়িত্ব পাইছে, পররাষ্ট্রমন্ত্রী হইছে। তো অনেক ক্ষেত্রে, বসার ভঙ্গি কীভাবে, এইটার বোধহয়, নিজেই একটা অকওয়ার্ড পজিশনে ছিল। বাট এইটা ওইরকম কোনো ধরনের, মানে আপনার বেয়াদবির ইঙ্গিত আমি দেখিনি। মানে আন্তরিকতাই দেখেছি। আর, এইটা নিয়ে যারা কথা বলছেন, মানে এটা অন্যদিকে একটা ভালো আলোচনাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওইদিক থেকে তেমন ইয়ে দেখিনি ‘
সমালোচকদের উদ্দেশ্যে একাত্তরের মার্চে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের সামনে পাকিস্তান পিপলস পার্টির তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টোর বসার ভঙ্গির উদাহরণ টানেন হুমায়ুন। তিনি বলেন, ‘ওইভাবে যদি দেখেন, তাহলে তো জুলফিকার আলী ভুট্টোও পা তুলে বসছিল শেখ মুজিবের সামনে। হ্যাঁ? তো কি? তো ইয়ে করিয়া, ওইটা তো আরও গরম, মানে সেটা তো জুলফিকার আলী ভুট্টো মোটামুটি একটা গরম দাপড় দিয়ে বসছিল। তো ইয়ে করিয়া। তো ওইরকম গরম দাপড় দিয়ে (বসার মত) বর্তমান সরকারের সামনে লোকজন নেই, নেই বললেই চলে। এটা মে বি একটা সিটিংয়ের অকওয়ার্ড পজিশনিং ছিল। এজন্যই তো দেখছেন লড়াচড়া ইয়ে বেশি করছে উনি। তো এইটা নিয়ে মানে এগুলো অপ্রাসঙ্গিক।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ‘ব্যক্তিগতভাবে’ চেনেন তিনি। গত দুই সপ্তাহে তার সঙ্গে দুইবার বৈঠক হয়েছে। একটা এন্টিগা অ্যান্ড বারবুডায় কমনওয়েলথের সাইডলাইনে এবং দ্বিতীয়টি আনতালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে। তিনি বলেন, মিলিব্যান্ডঅত্যন্ত আন্তরিক। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং গুরুত্ব দিয়েই উনাকে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একজন লিডার হিসেবে গ্রহণ করতে পারছেন। বাংলাদেশের মানুষের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে নির্বাচিত এবং বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন এবং বাংলাদেশের মানুষের প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে, এই ধরনের আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের যাত্রা, একজন ট্রান্সফরমেটিভ লিডার তারেক রহমানের নেতৃত্বে এখন এটার সূচনা হইল।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








