মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, কমলা লেবু/মাল্টা ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে। ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র দেয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে তা জমা দেওয়ার বিধান পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেয়ার বিদ্যমান বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটি হলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেয়া যাবে।
এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে। মন্ত্রিসভার সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতেই দাখিলপত্র পেশের এ বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
পাশাপাশি সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫% কাস্টমস শুল্ক কমিয়ে ৫% নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কমলা লেবু/মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮% থেকে কমিয়ে ৬১% নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








