কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।
এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা। শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন।
এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন তারা। চলমান অস্থিরতার মধ্যেই সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনীর এসপি হিসেবে বদিল করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৬ প্লাটুন (প্রায় ১৫০ জন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও গতকাল রোববার নতুন করে আরও তিন প্লাটুন সদস্য যুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর তাঁরা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন। অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তাঁরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তাঁরা উল্লাস করেন।
জানা গেছে, সকাল ১১টার পর জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তাঁরা। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এ সময় অনেকের হাতে লগি-বৈঠা দেখা যায়। মিছিল চলাকালে শহরের এফএনএফ নামে একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তাঁরা নিজ নিজ অবস্থানে ফিরে যান। গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ করা হয়।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করেন। বেলা দুইটার পর শহরের বিভিন্ন স্থানে তাদের অবস্থান কমে আসে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত আটটার দিকে প্রথমে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন।
এদিকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৬ প্লাটুন (প্রায় ১৫০ জন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও গতকাল রোববার নতুন করে আরও তিন প্লাটুন সদস্য যুক্ত করা হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্স ঘেরাও করে নাশকতামূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল পেট্রোলিং থাকায় এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি। তিনি আরও জানান, জেলা সদর ও অন্যান্য উপজেলা শহরে জনসাধারণের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








