দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর ২২ রানে ৩ উইকেট হারিয়ে পড়ে মহা বিপদে। সেই অবস্থা থেকে দলকে ম্যাচে ফেরাতে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। কিন্তু দিনের একেবারে শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই তারকা ব্যাটসম্যান। প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।
গতকাল রবিবার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন।
একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা।
এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে তারা ২০৮ রানের রেকর্ড জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশ দলের ঘরে-বাইরে রেকর্ড জুটি। ইনিংসের একবারে শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তার আগে ১৩৭ রান করেন হৃদয়। ৯২ রানে অপরাজিত আছেন লিটন দাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








