রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসে অগ্নিসংযোগ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। গত বুধবার দিবাগত রাত থেকে তারা বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার ও শুক্রবারও গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়।
পুলিশ সদরদপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৮টি মামলা করা হয়েছে। মামলাগুলোতে তালিকাভুক্ত আসামিদের মধ্যে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি এবং অন্যান্য অভিযোগে পৃথক অভিযান চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং জেলা পর্যায়ের নেতারাও রয়েছেন।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় বিদেশ থেকে অনলাইনে নির্দেশনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি জানান, দেশের ভেতরে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িতদের পাশাপাশি বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার নির্দেশদাতাদেরও শনাক্তের চেষ্টা চলছে। এজন্য সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির ডিবি সূত্র জানায়, দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব সহিংসতায়য় জড়িত। নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে গানপাউডার ও ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টদের মতে, ঘটনাস্থল থেকে আটকের পাশাপাশি গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার করা বিস্ফোরকসামগ্রীর উৎস অনুসন্ধান করে নাশকতার পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পার্কিং করে রাখা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও রাজধানীর কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অপরদিকে ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানার বেরিবাঁধ সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটে। ডেমরা বাঁশেরপুল এলাকার গোলাম মোস্তফা মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি বাসে আগুনের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, স্কুলের গেটের সামনে ওই স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এছাড়াও বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাপ্তানবাজার ও ওয়ারী স্কুলের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া গেছে। রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে লাগাতার ককটেল বিস্ফোরণ হয়। অন্যদিকে শ্যামলীতে ককটেল নিক্ষেপকালে চারটি ককটেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মো. রাসেল (২২)। সে একজন গাড়িচালক বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গলির গেটে আগুন
সিলেট মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার ফটকে (গেট) আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা কাপড়জাতীয় কিছু ব্যবহার করে বাসার ফটকে আগুন ধরানোর চেষ্টা চালায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। এ ছাড়া সিলেট সফরে এলে প্রতিমন্ত্রী নিজেও এই বাসায় অবস্থান করেন।
এদিকে নিজের সিলেটের বাসাটিতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ তুলে ওই ঘটনায় আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আওয়ামী লীগ তো সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। পেট্রোল বোমা মেরে কোনো পলাতক সন্ত্রাসীকে দিল্লি থেকেও আনা যাবে না বাংলাদেশে। মানে বাণিজ্যিক বিমানের যাত্রী হিসাবে। ওই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ হয়ে গেছে এখন পালানোর স্লোগান। মানে, পেট্রোল বোমা মেরে সন্ত্রাসীদের পালানোর স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ পরিণত হয়েছে। তবে এটি দেশের মানুষও ঘৃণা করে, সবাই ঘৃণা করে। এটি কোনো ফ্যাক্টরই নয়।’
তবে পুলিশ বলছে, নগরীর দাড়িয়াপাড়া এলাকায় হুমায়ূন কবিরের বাসার সামনের গলির গেটে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, ‘কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে, পেট্রোল বোমা নয়। তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন নয়, যেটা হলো বাসার সামনে গলির গেট আছে। গেট পার হলে অনেকগুলো বাসা, তার মধ্যে তাঁর একটি বাসা। গেটের সামনে একটু অগ্নিসংযোগ করা হয়েছিল।’
তবে, পেট্রোল বোমা হামলার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। ঘটনার সময় বাসায় তাঁর বাবা-মা থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সংশ্লিষ্টদের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নাম এলেও বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে সিএমপি। তারা বলছে, সিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
আইনের শক্ত হাতেই পেট্রোল বোমা নিক্ষেপকারীদের দমন করা হবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘মূলত সন্ত্রাসবাদী কার্যক্রমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং যেটির জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাসী দলের মতো করে এখন কাজ করছে। এটিই বিষয়।’ তিনি বলেন, ‘তাদের নেত্রী ওখান থেকে বসে উৎসাহিত করেন বা অন্যান্য যাঁরা আছেন, বিদেশ থেকে এগুলো করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী এটি নিয়ে কাজ করছে এবং আইনের খুব লম্বা হাতে আমরা তাঁদেরকে ধরব।’
জাতিসংঘ সভাপতি, আইপিইউতে নির্বাচন, এলডিসি উত্তরণ পেছানো এবং জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়সহ বিভিন্নভাবে আট মাসে আন্তর্জাতিক মহলে বাংলাদেশে রাজনৈতিক অবস্থান এবং নেতৃত্ব ‘দৃশ্যমান’ ও ‘উজ্জ্বল’ হওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী হুমায়ুন। তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন বিনিয়োগ অংশদীরত্ব ও সহযোগিতা হচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি অগ্রাধিকার দিয়ে কাজ কাজ হচ্ছে বাংলাদেশে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একটি ছোট সন্ত্রাসী গোষ্ঠী এটি নিতে পারছে না, দেশে কিছু তাণ্ডব চালাবে এবং তারা হাওয়ায় মিশে যাবে। সন্ত্রাসীদের কোনো টেকসই অবস্থান কোনখানে, কোনো দেশে হয় না এবং হবেও না। বাংলাদেশ তো হবেই না।’
ক্ষমতাসীন মন্ত্রী-এমপিদের বাসায় অব্যাহত হামলা মোকাবিলায় পদক্ষেপ সম্পর্কে এক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, ‘দেখেন বিএনপি সরকার ধৈর্যশীল (টলারেন্ট) সরকার। আমরা স্বৈরাচারের মতো গণহারে মানুষের উপর স্ট্রিমরোলার করে… বললাম তো, একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী করছে। দেশ কন্ট্রোলে আছে, দেশ ভালোই আছে, ভালোই পরিচালিত হচ্ছে। আমরা এই সন্ত্রাসীদের তাড়া করব এবং বিচার নিশ্চিত করব। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নেই।’
ঠাট্টা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবে বাংলাদেশে আতঙ্ক ছড়াতে পারবে না। বরঞ্চ তারাই এখন আতঙ্কে ভাগছে। তারা কী করছে? একটি পেট্রল বোমা মারল, ‘জয় বাংলা’ বলেই দৌড়। জয় বাংলা বলেই দৌড়। বিলাইওতো কতক্ষণ দাঁড়ায়! জয় বাংলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের দাঁড়ানোর স্লোগান।’
চাঁদপুর: মতলব উত্তর উপজেলায় ফের বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে টানানো ব্যানারের একাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
নরসিংদী: পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় দুর্বৃত্তরা এই হামলা চালায়।
পঞ্চগড়: জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি টিফিন বক্স প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেটি জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে টিফিন বক্সটি ধ্বংস করতে গিয়ে লাল টেপ সরিয়ে বক্সটি খুলতেই ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির একটি স্মারকলিপি পাওয়া যায়। এতে দলীয় নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধসহ নানা দাবি লেখা ছিল।
দিনাজপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার সহসভাপতি জহির খানের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির আঙিনায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোঙ্গাপট্টি এলাকায় জহির খানের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
নওগাঁ: পোরশা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহরন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া ককটেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
সিলেট: নগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরের ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। তারা হলেন, নগরের ছড়ারপাড় এলাকার (সুগন্ধা-৬২) বাসিন্দা মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাসিমুর রহমান ওরফে নাসিম (৪৪)। নাসিমুর বর্তমানে ছড়ারপাড়ের বউবাজার এলাকার হেলাল মিয়ার কলোনিতে বসবাস করেন।
গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা নুরনবী বেপারীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরনবী বেপারী উপজেলার ঝরা বর্ষা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সহ সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ঘুড়িদহ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। সাঘাটা থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চাঁদপুর: কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। এ ছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








