গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কার্যক্রম আওয়ামী লীগ পানি ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবারসামগ্রী বাহিনীর নিজস্ব অর্থায়নে কেনা হচ্ছে। স্থানীয় দোকান থেকে মূল্য পরিশোধ করে পানি কেনার পর ভ্যানযোগে তা বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’-এমন তথ্য প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত। বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রমকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বিজিবি আরো জানায়, দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহের প্রশ্নই আসে না।
এ ধরনের অপপ্রচার বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে উল্লেখ করে বাহিনীটি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সবার দায়িত্ব। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








