ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে জেলার কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছয়জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের মধ্যে মাহমুদ মুক্তাদির দশম শ্রেণির শিক্ষার্থী, সাকিবুল হাসান মোবাইল সার্ভিসিং, ইয়াসিন আরাফাত ব্যাটারিচালিত অটোরিকশা সার্ভিসিং, রোমান বাসের হেলপার, রিহান নবম শ্রেণির শিক্ষার্থী এবং সানজিদ জুতার দোকানের কর্মচারী।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নেতৃত্বে ওই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণের জন্য আটক প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন বলেও জানা গেছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মিছিলে অর্থের প্রকৃত উৎস, অর্থ সরবরাহকারী, আয়োজকদের পরিচয় এবং অর্থ লেনদেনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আরও কোনো ব্যক্তি বা আর্থিক লেনদেন জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না এবং পলাতক ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক বা বেআইনি কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








