চলতি অর্থবছরে দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই প্রবাসীদের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর প্রবাহ বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
রোববার (৭ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৬ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৩৪৪ কোটি ডলার) দেশে পাঠিয়েছেন।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতি প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং সরকারের নানা উদ্যোগের ফলে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই পরিমাণ রেমিট্যান্স আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং চলমান ডলার সংকট কাটাতে বড় ধরনের স্বস্তি দেবে।
জুন মাসের প্রথম ছয় দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ ডলার। যদিও আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, আমদানি ব্যয় মেটাতে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









