তীব্র তারল্য সংকট ও গ্রাহকদের আমানত তোলার বাড়তি চাপ সামাল দিতে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’কে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে জরুরি ভিত্তিতে এই ঋণ বা বিশেষ ধার দেওয়া হয়।
ব্যাংক সূত্র জানায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ায় ব্যাংকটিতে তারল্য সংকট তীব্র হয়ে ওঠে।
পরিস্থিতির কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ব্যাংকটি। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে। এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।
এর আগে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দেবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









