রাজধানীতে এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (এপিএএন), বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্পের আয়োজনে এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক কনফারেন্সের ৬১তম আসর (এপিএএন ৬১) অনুষ্ঠিত হচ্ছে। গবেষণা ও শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলনটি ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষা ও আইসিটি খাতের নেতৃবৃন্দ উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি ও শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এপিএএন৬১ সম্মেলনে প্রায় তিন থেকে পাঁচশত জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এই আয়োজনে জাতীয় গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (এনআরইএন), বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইসিটি সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
সম্মেলনটি শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের শিক্ষা খাতের অন্যতম প্রযুক্তি সহযোগী ও সম্মেলনটির পৃষ্ঠপোষক হিসেবে হুয়াওয়ে ‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ বিষয়ে ‘হুয়াওয়ে এপিএসি ইন্টেলিজেন্ট এডুকেশন রাউন্ডটেবিল ২০২৬’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করবে বলে জানা গেছে।
সেমিনারে উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তরের পাশাপাশি পাঠদান, প্রশাসনিক ব্যবস্থা ও অবকাঠামোর নানা চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হবে। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে ক্যাম্পাস নেটওয়ার্ক থেকে এআই-ভিত্তিক গবেষণা অবকাঠামোর রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের পাঠদান, গবেষণা ও পরিচালনায় এআই-এর নানামুখী সম্ভাবনা।
এছাড়া হুয়াওয়ের বুথে স্মার্ট ক্যাম্পাস ও স্মার্ট ক্লাসরুমের বিভিন্ন সল্যুশন প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশে স্মার্ট শিক্ষার বিকাশে সহায়ক নানা বাস্তবিক প্রয়োগ এখানে তুলে ধরা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোর কেস স্টাডির মাধ্যমে হুয়াওয়ের ক্যাম্পাস নেটওয়ার্ক ও স্মার্ট ক্লাসরুম প্রযুক্তির সফল বাস্তবায়ন সম্পর্কেও জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









