রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এবং চীনের ‘সিসিপিআইটি টেক্স’-এর যৌথ আয়োজনে চলছে চার দিনব্যাপী সুতা, ফেব্রিক ও ডেনিম শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ - উইনটার এডিশন’ এবং একই সাথে ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’।
আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে আরো বক্তব্য দেন সিসিপিআইটি-টেক্স চায়নার সেক্রেটারি জেনারেল চেন বো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীনা দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং। আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর। মো. ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়। নাফিস-উদ-দৌলা, পরিচালক, বিজিএমইএ।
পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশের টেক্সটাইল খাতের প্রয়োজনীয়তা বিবেচনায় এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের প্রদর্শনীতে ১৫টিরও বেশি দেশ থেকে প্রায় ৩২৫টি কোম্পানি তাদের সুতা, ফেব্রিক, ট্রিমস এবং ডেনিম সংশ্লিষ্ট সর্বশেষ উদ্ভাবন ও পণ্য নিয়ে হাজির হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞে মোট ৬৫০টির বেশি বুথ রয়েছে।
সেমস-গ্লোবাল-এর প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলাম বলেন, ‘এই প্রদর্শনী ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য একটি কার্যকর মিটিং প্লেস হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরাসরি যোগাযোগের ফলে ব্যবসা প্রসারের নতুন সুযোগ তৈরি হবে, যা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।’
২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিসিবির ১, ২ এবং ৩ নম্বর হলে একযোগে এই আন্তর্জাতিক প্রদর্শনী চলছে। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং দর্শনার্থীরা সরাসরি উপস্থিত হয়ে নতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









