হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পতন ঘটেছে। বিনিয়োগকারীদের ধারণা, মধ্যস্থতাকারী দেশ ওমানের এ কূটনৈতিক অগ্রগতি সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত প্রশমিত হতে পারে, যার ফলে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটে গুরুত্বপূর্ণ এই নৌপথে আবারো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ শুরু হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.৮০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৭৪.৬৯ ডলারে কেনাবেচা হচ্ছে।
বাজার বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে পরিবাহিত মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘ প্রায় পাঁচ মাস অবরুদ্ধ থাকার পর নতুন এই আলোচনার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা কমতে শুরু করেছে। দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক টানাপোড়েন কমলে বৈশ্বিক তেলের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









