সিলেটের জৈন্তাপুরে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৈতৃক জমিতে জোরপূর্বক হালচাষ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাউরভাগ কাটাখাল গ্রামের হাজী সমছুর উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম পৈতৃক সম্পত্তি রক্ষায় সিলেটের সিভিল জজ আদালতে একটি মামলা (নং ৪৮/২৬) দায়ের করেন। আদালত শুনানি শেষে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় জমি ভোগদখল, ব্যবহার বা কোনো ধরনের পরিবর্তন না করার ওপর স্থগিতাদেশ জারি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনা অমান্য করে বাউরভাগ মল্লিফৌদ গ্রামের সাবেক ইউপি সদস্য ইসমাইল আলী ও তাঁর সহযোগীরা জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করেন। সম্পত্তি রক্ষা ও আইনি সুরক্ষার দাবিতে বাদী ফখরুল ইসলাম জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে বিবাদী ইসমাইল আলী আদালতের নিষেধাজ্ঞা অমান্যের কথা অস্বীকার করে জানান, ২০১৭ সালের একটি বায়নাপত্রের সূত্রে তিনি ওই জমির দখল পান এবং বর্তমানে আইনি প্রক্রিয়ায় রেজিস্ট্রি ও চূড়ান্ত দখল পেতে চান।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আদালত থেকে নিষেধাজ্ঞা সম্পর্কিত কোনো দাপ্তরিক আদেশ এখনো থানায় পৌঁছেনি। তবে লিখিত অভিযোগ পেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকে বিরোধীয় জমিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাদী ফখরুল ইসলাম জানান, থানায় পুলিশ উভয় পক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দিলে তিনি তাতে সম্মতি প্রকাশ করলেও প্রতিপক্ষ ইসমাইল আলী তা মানেননি। ইসমাইল আলী আইন অমান্য করে প্রকাশ্যে জমি চাষ চালিয়ে যাওয়ার ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে দাবি করেন বাদী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









