জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠনের কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠন পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ অবস্থায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে এবং নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে কয়েকটি কর্মসূচি ঘোষিত ছিল। এর মধ্যে ছিল জকসুর উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর কর্মসূচি, জবি ছাত্রদলের সংঘর্ষ-সংশ্লিষ্ট কর্মসূচি, ঐক্যবদ্ধ জগন্নাথের বিক্ষোভ কর্মসূচি এবং এগারোটায় জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আমন্ত্রণে সংবাদ সম্মেলন। একই স্থান ও একই সময়ে একাধিক কর্মসূচির ঘোষণার পরিপ্রেক্ষিতেই প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে।
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









