বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই জানান, ওমানের সঙ্গে ‘পথটির ভৌগোলিক স্থানাঙ্ক’ নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তবে এটি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রণালিটি দিয়ে এখনই পুরোপুরি নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না। কারণ, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বৈরী পদক্ষেপ অব্যাহত থাকায় নিরাপত্তা ঝুঁকি থেকে যাচ্ছে।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, প্রস্তাবিত এই নতুন পথটি হবে সম্পূর্ণ অস্থায়ী, যা ২ থেকে ৪ মাস পর্যন্ত খোলা রাখা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, প্রণালিটি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপের বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় মতবিরোধ তৈরি হয়েছে। রয়টার্সের তথ্যমতে, ইরান জাহাজগুলোর পণ্যমূল্যের ওপর ৫ থেকে ৭ শতাংশ শুল্ক আরোপের দাবি জানাচ্ছে। বিপরীতে মধ্যস্থতাকারী ওমান প্রায় ৩ শতাংশ শুল্কের প্রস্তাব নিয়ে আলোচনা করলেও ওয়াশিংটন কোনো প্রকার শুল্ক দিতে সম্পূর্ণ নারাজ।
এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রণালিটি খুব শিগগিরই খুলে না দেওয়া হলে ইরান ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ হবে। তবে ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে তেহরান গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রাখে। বিশ্বজুড়ে উৎপাদিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এটি বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









