রাশিয়া ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। দেশটির নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভসে’ পাস হয়েছে ‘স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’ বা ‘রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা বিষয়ক আইন’। নতুন এই বিল পাসের ফলে ভারতের পাশাপাশি বিশ্বের আরও ৯টি দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ১০০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্কের মুখে পড়তে যাচ্ছে।
বাকি দেশগুলো হলো— চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান এবং কিরগিজস্তান।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, গত কাল বুধবার প্রতিনিধি পরিষদে এমপিদে ভোটের জন্য বিলটি উত্থাপন করা হয়। পরিষদের ৪৩৫ জন প্রতিনিধির মধ্যে ৪২১ সেই বিলটির ওপর ভোট দেন। ভোটাভুটির পর দেখা যায়, বিলটি পাসের পক্ষে ভোট দিয়েছেন ২৬২ জন এমপি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৫৯ জন এমপি।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আগেই পাস হয়েছিল ‘স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’। বুধবার নিম্নকক্ষে পাসের পর এখন বিলটি যাবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলে স্বাক্ষর করামাত্র কার্যকর আইনে পরিণত হবে সেটি।
‘স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’ বিলের মূল প্রস্তাবক বা প্রণেতা ছিলেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের কট্টর সমর্থক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









