মলাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানি-কোরিয়ান অভিনেত্রী নাকামুরা ইউরি। গত ১ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর নাকামুরা ইউরির এজেন্সি আলফা এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, ১৩ বছর আগে অভিনেত্রীর ক্যানসার শনাক্ত হয়েছিল। তখন তিনি এবং প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছিলেন, কর্মস্থলে অন্যদের রোগের কথা জানানো হবে না। এতে অকারণে সবাই চিন্তিত হয়ে পড়বেন বলে মনে করেছিলেন তারা।
পরবর্তী সময়ে নাকামুরা ইউরির ক্যানসার নিয়ন্ত্রণে আসে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তিনি পর্দার কাজও চালিয়ে যেতে থাকেন। তবে ২০২৫ সালের জানুয়ারিতে তার শরীরে আবার ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচার করা হলেও পরে জানা যায়, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে।
সে সময় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয় বুঝতে পেরে রোগ নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেন অভিনেত্রী। এজেন্সির ভাষ্যমতে, আরও দীর্ঘ ও প্রাণবন্ত জীবনযাপনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি। চিকিৎসকও তাকে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করেন। এরপরও অভিনয় চালিয়ে যান নাকামুরা ইউরি।
চলতি বছরের আগস্টে অন্ত্রে বাধা সৃষ্টি হলে তিনি জানতে পারেন, তার জীবনের সময় শেষ হয়ে আসছে। এজেন্সি জানিয়েছে, নাকামুরা ইউরি ধীরস্থিরভাবে এই সংবাদ গ্রহণ করেন। জীবনের শেষ মুহূর্তগুলো পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময়ও তার মুখে সুন্দর ও স্নিগ্ধ হাসি ছিল।
এজেন্সির ভাষ্য অনুযায়ী, নাকামুরা ইউরির ৩০ ও ৪০-এর দশকের অধিকাংশ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করে কেটেছে। একই সময়ে চমৎকার কিছু মানুষের সঙ্গে পরিচয়, আনন্দ ও পূর্ণতায়ও ভরপুর ছিল তার জীবন।
জাপানের ওসাকা প্রিফেকচারের নেয়াগাওয়া শহরে জন্ম নেন মিশ্র বংশোদ্ভূত নাকামুরা ইউরি। তার বাবা ছিলেন তৃতীয় প্রজন্মের জাইনিচি কোরিয়ান, অর্থাৎ জাপানে বসবাসকারী কোরিয়ান। তার মা ছিলেন দক্ষিণ কোরিয়া ও জাপান—উভয় দেশের নাগরিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









