প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে একসঙ্গে দেশের ৩০টি বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে কিছু ব্যাংকের এটিএম, কার্ড, পিওএস, কিউআর ও অনলাইন লেনদেনের সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, রবিবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হয়েছে। এ কারণে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং নির্দিষ্ট কিছু কার্ড সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ই-কমার্স এবং কিউআরভিত্তিক লেনদেনও সাময়িক বন্ধ থাকার কথা জানানো হয়েছে। তবে সব ব্যাংকের সব ধরনের সেবা একযোগে বন্ধ হয়নি। বিশেষ করে ডেবিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সেবা ব্যাংকভেদে চালু রয়েছে।
কোন ব্যাংকের কোন সেবা কতক্ষণ বন্ধ থাকবে, সেটিও ব্যাংকভেদে ভিন্ন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। তবে গ্রাহকের সেবা সাময়িকভাবে বন্ধ রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগাম অবহিত না করে একযোগে এমন সিদ্ধান্ত নেওয়াকে গভর্নরের পক্ষ থেকে গর্হিত কাজ হিসেবে দেখা হচ্ছে।
যে ৩০ ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ
১. বাংলাদেশ কমার্স ব্যাংক
২. বাংলাদেশ কৃষি ব্যাংক
৩. অগ্রণী ব্যাংক
৪. ব্যাংক এশিয়া
৫. বেসিক ব্যাংক
৬. সোশ্যাল ইসলামী ব্যাংক
৭. ব্যাংক আলফালাহ বাংলাদেশ
৮. কমিউনিটি ব্যাংক
৯. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
১০. আইসিবি ইসলামী ব্যাংক
১১. আইএফআইসি ব্যাংক
১২. যমুনা ব্যাংক
১৩. জনতা ব্যাংক
১৪. মেঘনা ব্যাংক
১৫. মার্কেন্টাইল ব্যাংক
১৬. মিডল্যান্ড ব্যাংক
১৭. মধুমতি ব্যাংক
১৮. ন্যাশনাল ব্যাংক
১৯. এনসিসি ব্যাংক
২০. এনআরবি কমার্শিয়াল ব্যাংক
২১. এনআরবি গ্লোবাল ব্যাংক
২২. রূপালী ব্যাংক
২৩. শাহজালাল ইসলামী ব্যাংক
২৪. সীমান্ত ব্যাংক
২৫. সোনালী ব্যাংক
২৬. সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক
২৭. ট্রাস্ট ব্যাংক
২৮. ইউনিয়ন ব্যাংক
২৯. উত্তরা ব্যাংক
৩০. উরি ব্যাংক বাংলাদেশ
বিকল্প লেনদেন যেসব মাধ্যমে
কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয়—এমন ব্যাংকগুলোর ক্ষেত্রে ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
এ ছাড়া বাংলা কিউআর ও মানি অ্যাপ ব্যবহার করে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ের সঙ্গে ফান্ড ট্রান্সফার সেবাও সচল থাকবে।
কিছু ব্যাংক তাদের নিজস্ব ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক রাখার ব্যবস্থা করেছে। এর মধ্যে মধুমতি ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটার সুবিধা চালু রাখার কথা জানানো হয়েছে।
১০ অক্টোবর থেকে স্বাভাবিক হবে সেবা
সিস্টেম মাইগ্রেশনের কাজ আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও কার্ডসহ বন্ধ থাকা প্রযুক্তিনির্ভর সেবাগুলো আবার স্বাভাবিক নিয়মে চালু হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









