টেকসই ডিজিটাল আর্থিক সক্ষমতা অর্জন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলার বার্তা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো দেশের ফিনটেক খাতের সবচেয়ে বড় আয়োজন ‘৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট ২০২৬’।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং উপায়ের সহযোগিতায় সামিটটি আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। উদ্যোগটি ছিল বাংলাদেশ ফিনটেক ফোরামের। সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষ নির্বাহী, উদ্যোক্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং শিক্ষাবিদেরা অংশ নিয়ে বাংলাদেশের ডিজিটাল আর্থিক রূপান্তর ও ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সামিটের উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব বলেন, “বাংলাদেশের ফিনটেক খাতের আগামী দিনের অগ্রগতি নির্ভর করবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে আমরা কতটা স্থায়ী আর্থিক সক্ষমতায় রূপ দিতে পারি, তার ওপর। উদ্ভাবনের মাধ্যমে আর্থিক সেবাকে মানুষের জন্য আরও কার্যকর ও সহজলভ্য করতে হবে। এ জন্য প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের একসঙ্গে কাজ করে মানসম্মত অবকাঠামো গড়ে তুলতে হবে।”
দিনব্যাপী এই সম্মেলনে ২টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ১টি এক্সপার্ট ডিপ ডাইভ, ১টি ইনসাইট সেশন এবং ১টি কেইস স্টাডি অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অভিজ্ঞতা: ট্রান্সফাই গ্লোবালের চিফ ব্যাংকিং অ্যান্ড নেটওয়ার্ক অফিসার নওশাদ হুসেইন তাঁর কিনোট সেশনে আসিয়ান ও দক্ষিণ এশিয়ার ব্যাংকিং খাতের পরিবর্তন ও পারস্পরিক সংযোগ তুলে ধরেন।
জিএক্সব্যাংক ও গ্র্যাবের রিজিওনাল হেড অব প্রোডাক্ট খুয়ান ইউ লি তুলে ধরেন শূন্য থেকে ১০ লাখ গ্রাহকের আস্থা অর্জন করে একটি ডিজিটাল ব্যাংক গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা।
‘এক্সপার্ট ডিপ ডাইভ’ সেশনে কিউব মানির কো-ফাউন্ডার ও সিইও গাজী ইয়ার মোহাম্মদ স্বয়ংক্রিয় কাজ থেকে নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার (Autonomous AI) দিকে আর্থিক খাতের রূপান্তর এবং ব্যাংকগুলোর জন্য এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের অন্যান্য সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, ক্যাশলেস সমাজ গঠন এবং বিভিন্ন সেবার মধ্যে সংযোগ স্থাপন করে আরও ১০ কোটি মানুষকে নতুন করে আর্থিক সেবার আওতায় আনার বিষয়ে বিশেষজ্ঞরা মতামত দেন। একই সঙ্গে নিরাপদ আর্থিক ডেটা অবকাঠামো, এআই তদারকি এবং গ্রাহকের তথ্য সুরক্ষার ওপর জোর দেওয়া হয়।
সামিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ঢাকা ব্যাংক পিএলসির এমডি ও সিইও ওসমান এরশাদ ফায়েজ, পুবালি ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও ফারজানা চৌধুরী, ব্যাংক এশিয়ার উপদেষ্টা আলী রেজা ইফতেখার, ইউসিবি ফিনটেকের (উপায়) এমডি ও সিইও শ্যামল বি. দাস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা লাবণী, র্যাপটাসের সিইও ইউসুপ ফারুক এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিন প্রফেসর ইমরান রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য, এবারের সামিটে সাপোর্টেড বাই পার্টনার হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩, ইনোভেশন পার্টনার বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ, অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইন্স, হসপিটালিটি পার্টনার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং পিআর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে ব্যাকপেজ পিআর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









