সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলা থেকে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ওসমানীনগর জোনাল কার্যালয়ের ভিলেজ ইলেকট্রিশিয়ান সভাপতি শিব্বির আহমদ। বক্তব্য দেন সিলেট জেলা শাখার সভাপতি এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান ও প্রচার সম্পাদক মলিক মিয়া, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সেলিম মিয়া, ছাতক জোনাল শাখার সাধারণ সম্পাদক বিধান দেব, বালাগঞ্জ-ওসমানীনগর জোনাল শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আলী, সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক খছরু মিয়া এবং নবগঠিত বিভাগীয় কমিটির সদস্য তৈমুছ খাঁসসহ অন্যরা।
বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি নিরসন ও গ্রাহকসেবার মানোন্নয়নে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাঠপর্যায়ে নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করা এসব কর্মীর পেশাগত স্বীকৃতি, কাজের পরিবেশ উন্নয়ন ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা প্রয়োজন। সভায় তাঁদের পেশাগত সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শাহেদ মিয়াকে সভাপতি, রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও খছরু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনের উপদেষ্টা আইয়ুব আলী নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









