বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ ছাড়া উপস্থিত ছিলেন শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা।
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর কর্মসূচি শুরু হয়। শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই বগুড়ায় এ আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









