ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি বিউটি পার্লারের মালিক।
রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে উত্তেজিত স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাথী আক্তার তাঁর বিউটি পার্লারে বসে ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতাকর্মীদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী একত্র হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তাঁর প্রতিষ্ঠানে যান এবং এ বিষয়ে জানতে চান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় লোকজন এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









