স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলেও তিনি সেই দায়িত্ব পালনের পরিবর্তে সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, “দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা বাদ দিয়ে- তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না।”
একই সঙ্গে জ্বালানি খাতের বিপর্যয়ের জন্য জ্বালানিমন্ত্রীকেও দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, জ্বালানি খাতে যে বিপর্যয় দেখা দিয়েছে, তার দায় জ্বালানিমন্ত্রী এড়াতে পারেন না।
সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, “বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









