সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত আক্তার হোসেন (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জুয়েল (২২) নামে তাঁর এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামের কাছাকাছি ধূপড়িরপাড় বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা ও পুকুরের মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে গুরুতর আহত হন আক্তার হোসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত আক্তার হোসেন উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কালা মিয়ার ছেলে।
নিহতের বাবা মো. কালা মিয়া অভিযোগ করেন, তাঁর চাচাতো ভাই তাজউদ্দিন ও তাঁর পক্ষের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও মাছের জলাশয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তাঁর ছেলের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









