দেশের বাজারে এক সপ্তাহ যেতে না যেতেই আবারও সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি ভালো মানের সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই দাম সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিল জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। আজ পর্যন্ত এই দামেই প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে সোনা।
নতুন দামের তালিকা অনুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ২৪ টাকা বেড়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৪৪১ টাকা বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বেড়ে হবে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
সোনার দামের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। আজকে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ছিল ৫ হাজার ৯৪৯ টাকা। তবে আগামীকাল থেকে ২২ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ২৯১ টাকা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ২৪০ টাকা।
এ ছাড়া আগামীকাল থেকে ২১ ক্যারেট রুপার দাম বেড়ে প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম প্রতি ভরি বেড়ে ৫ হাজার ১৩২ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি বেড়ে ৩ হাজার ৮৪৯ টাকা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









