গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আরও এক ধাপ এগিয়ে গেল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। মর্যাদাপূর্ণ বৈশ্বিক গবেষণা মূল্যায়ন সূচক Nature Index-এর সর্বশেষ প্রকাশিত তালিকায় রসায়ন (Chemistry) বিষয়ে গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে মাভাবিপ্রবি।
নেচার ইনডেক্স ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে এ মূল্যায়ন প্রকাশ করে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, রসায়ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে মাভাবিপ্রবির বৈশ্বিক অবস্থান ২,৯৪৯তম। এ সময়ে বিশ্ববিদ্যালয়টির গবেষণা আউটপুটের ‘Count’ ছিল ১ এবং ‘Share’ ভ্যালু ছিল ০.১৩।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রসায়ন গবেষণায় প্রথম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এছাড়া নেচার ইনডেক্সের সার্বিক মূল্যায়নে মাভাবিপ্রবির বৈশ্বিক অবস্থান ৭,২৩২তম এবং জাতীয় পর্যায়ে ২৩তম। অন্যদিকে একাডেমিক ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৩,৪০০তম এবং বাংলাদেশে ১৮তম।
এ বিষয়ে মাভাবিপ্রবি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, “নিঃসন্দেহে এ স্বীকৃতি রসায়ন বিভাগ তথা পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় অর্জন। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভাগটি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ধারাবাহিকভাবে উৎকর্ষ সাধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এক ঝাঁক মেধাবী ও উদ্যমী শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা, গবেষণার প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই আজকের এই সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, “এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে এবং ভবিষ্যতে উচ্চমানের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা জোগাবে। আমরা বিশ্বাস করি, শিক্ষক-শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিভাগটি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”
উল্লেখ্য, Nature Index বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক সাময়িকীগুলোতে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা এবং গবেষকদের অবদানের আনুপাতিক হার (Share) বিবেচনায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা মূল্যায়ন করে থাকে। আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে এটি অন্যতম মর্যাদাপূর্ণ ও স্বীকৃত সূচক হিসেবে বিবেচিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









