রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলি চালানোর সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এর সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে রাখা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়িটি ফুটপাতে পার্ক করা ছিল এবং ঘটনার সময় আসিফ আকবর তার অফিসে অবস্থান করছিলেন। ঘটনার কারণ জানতে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









