গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানার গুদামে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গুদামে হঠাৎ আগুন জ্বলে ওঠে। সেখানে মজুত থাকা দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও কালো ধোঁয়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাইফুল আলম চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









