‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপকে ঘিরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তৈরি হয়েছে এক অনন্য উন্মাদনা। প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনের আবেগে যখন বিশ্বকাপের উত্তেজনা বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ছে, তখন নোবিপ্রবির শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
বিশ্বকাপ উপলক্ষে নোবিপ্রবি ফিল্ম সোসাইটির উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ওয়েভিং ফ্ল্যাগের মূর্ছনায় এই ফ্ল্যাশ মব ও ক্যাম্পেইন ভিডিওটি ফুটবল উন্মাদনাকে ভিজ্যুয়াল রূপে ফুটিয়ে তুলেছে।
ভিডিওটি ইতোমধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অ্যাসিসিই বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার নিহা বলেন, ‘‘নোবিপ্রবি ফিল্ম সোসাইটির ‘ওয়েভিং ফ্ল্যাগ’ ভিডিওটি অসাধারণ। এটি শুধু আনন্দই নয়, আবেগেও আপ্লুত করেছে। এখানে বিভিন্ন দেশের সমর্থন, সমর্থকদের উচ্ছ্বাস এবং বিশেষ করে বাংলাদেশকে ঘিরে আমাদের স্বপ্ন সবকিছুই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।”
মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী সিজান বলেন, “ক্যাম্পাসের ভিন্নধর্মী প্রত্যাশা ও বিশ্বকাপ উন্মাদনাকে একসঙ্গে তুলে ধরার এমন আয়োজন সত্যিই মাইলফলক। এটি আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে পরিচিত করেছে।
নোবিপ্রবি ফিল্ম সোসাইটির সভাপতি নাহিদ পারভেজ জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আবেগ ও ফুটবলপ্রেম থেকেই এই উদ্যোগের সূচনা। শতাধিক শিক্ষার্থীকে নিয়ে কোরিওগ্রাফি, শুটিং ও সমন্বয় ছিল বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, “লোকেশন নির্বাচন থেকে শুরু করে শট ডিজাইন, কোরিওগ্রাফি এবং প্রোডাকশন সবকিছুই পরিকল্পিতভাবে করতে হয়েছে। সীমিত বাজেট ও লজিস্টিকসের মধ্যেও আমরা একটি ফেস্টিভ ভিজ্যুয়াল তৈরি করতে পেরেছি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









