ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন তিনি। অবশেষে ২০২৬ বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের পর সেই স্বপ্ন পূরণ হলো। ফরাসি ফুটবল ফেডারেশন চার বছরের চুক্তিতে জিদানকে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জিনেদিন জিদানকে ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়। সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের সফল কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হলেন।
২০২৬ বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ হয়। এরপরই ১৪ বছরের দায়িত্ব শেষ করেন দেশম।
নিয়োগের পর জিদান বলেন, “ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমি কোনো ক্লাবের দায়িত্ব নিইনি, কারণ আমি শুধু জাতীয় দলের কোচ হতে চেয়েছিলাম।”
তিনি আরও জানান, ২০২৫ সালের জানুয়ারিতে দেশম তার বিদায়ের সিদ্ধান্ত জানানোর পরদিনই তিনি ঠিক করেন, পরবর্তী কোচ হওয়ার জন্য তিনি প্রস্তুত থাকবেন। পরে ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করে চুক্তি সম্পন্ন হয়।
৫৪ বছর বয়সী জিদান আগামী অক্টোবর মাসে উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করবেন। এরপর ফ্রান্স নিজেদের মাঠ স্টাদ দ্য ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে।
দিদিয়ের দেশম ফ্রান্সের ইতিহাসের অন্যতম সফল কোচ। তার অধীনে দলটি ১৮৫টি ম্যাচ খেলেছে এবং ১২০টিতে জয় পেয়েছে। তিনি ২০১৮ বিশ্বকাপ, ২০২০-২১ উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছেন। এছাড়া ইউরো ২০১৬ ও ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দলকে তুলেছিলেন।
জিদান ও দেশমের সম্পর্কও অনেক পুরোনো। তারা দুজনই ১৯৯৮ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন। সেই টুর্নামেন্টে জিদান ছিলেন দলের সবচেয়ে বড় তারকা। একই বছর তিনি ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অরও জিতেছিলেন।
এখন ফ্রান্সের ফুটবলপ্রেমীদের আশা, খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা জিদান এবার কোচ হিসেবেও জাতীয় দলকে নতুন সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









