কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্সের অভিযানে মাদকসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ এর নেতৃত্বে বিজিবি, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
উক্ত অভিযানে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাজদিয়ার গ্রামের হামিদুল ইসলামের ছেলে আল মামুন (৩৫), জয়রামপুর গ্রামের মুছা মন্ডলের ছেলে মোঃ ফরজ (৪০), মহিষকুন্ডি গ্রামের আবেদ মন্ডলের ছেলে মেহেদী হাসান (৪২) এবং মহিষকুন্ডি কারিগরপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে আলাল (৩৫)সহ চারজনকে মাদকসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আল মামুন ও মেহেদী হাসানকে ৬ মাস,ফরজকে ৮ মাস এবং আলাল হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানান, দৌলতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে জনস্বার্থে এ ধরনের বিশেষ টাস্কফোর্স অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









