জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহীকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রচলিত পালাক্রম নীতি অনুযায়ী শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্টকে প্রভোস্ট কমিটির সভাপতি নিয়োগ করা হলো। অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট এবং একই সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। হলগুলোর শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা এবং আবাসিক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলের যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ডাইনিং ও ক্যানটিনসহ শিক্ষার্থীদের আবাসিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, যাতে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









