গতানুগতিক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০ জন নারী শিক্ষার্থীকে দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ‘ছাত্রীদের ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাকসুর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (NDF) সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
৪ বিভাগে সেবা দিলেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক
ক্যাম্পের আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে হওয়ায় ছাত্রীরা অনেক সময় সময়মতো সুচিকিৎসা পান না। এই সমস্যা দূর করতে ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর সেবা দেন। নারী শিক্ষার্থীরা মূলত চারটি প্রধান বিভাগে চিকিৎসা ও পরামর্শ সুবিধা পেয়েছেন:
গাইনোকলজি (স্ত্রীরোগ)
মেডিসিন
ডার্মাটোলজি (চর্মরোগ)
নিউট্রিশন (পুষ্টি)
আয়োজকরা জানান, ক্যাম্পটির জন্য পূর্বেই ১১০০ জন ছাত্রী রেজিস্ট্রেশন করেছিলেন। তবে স্পট রেজিস্ট্রেশনসহ দিনশেষে সেবাগ্রহীতার সংখ্যা ১৫০০ ছাড়িয়ে যায়।
উদ্বোধন ও অতিথি সমাগম
মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. . ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরস মিসেস আমেনা শাহীন।
চাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা। এ সময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
'লজ্জা ও আর্থিক সীমাবদ্ধতা দূর করবে এই ক্যাম্প'
অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম চাকসুর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আর্থিক সীমাবদ্ধতা এবং লোকলজ্জার কারণে ছাত্রীরা অনেক সময় বিভিন্ন রোগের কথা বলতে পারে না। চাকসু গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার কাজ করছে। ছাত্রীদের একাডেমিক ও কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি।"
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, "বিশ্ববিদ্যালয়ের যেটুকু মেডিকেল ফ্যাসিলিটিস আছে, তা দিয়ে সব কাভার করা সম্ভব হয় না। মেয়েদের স্বাস্থ্য সমস্যা সমাধানে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।"
চবি শিক্ষার্থীদের জন্য ৫০% ডিসকাউন্ট ও আধুনিকায়নের দাবি
উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি ডা. এ. কে. . ফজলুল হক চবি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর দেন। তিনি জানান, "চবির সাথে আমাদের একটি চুক্তি সই হয়েছে। এর অধীনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন টেস্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আমরা শিক্ষার্থীদের জন্য এমন ব্যবস্থা করতে চাই, যাতে চিকিৎসার জন্য কাউকে ঢাকা দৌড়াতে না হয়।"
সভাপতির বক্তব্যে চাকসু ভিপি মো. ইব্রাহীম হোসেন রনি বলেন, "চাকসু নির্বাচনের পর থেকে আমরা ৫-৬ ঘণ্টার বেশি ঘুমাতে পারছি না। এই চেয়ারগুলো আমাদের কাছে আমানত। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যাতে পরবর্তী বছরও নিয়মিত চাকসু নির্বাচন হয়। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল সেন্টারটিকে কীভাবে আরও আধুনিক করা যায়, সে বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি।"
চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও নারী শিক্ষার্থীদের কল্যাণে এমন আরও নান্দনিক ও জনকল্যাণমুখী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









