উচ্চ আদালতের নির্দেশনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার পদে পুনরায় যোগদানের অনুমতি পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া মো. মজিবুর রহমান মজুমদার। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম যথারীতি বহাল থাকবে।
সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মো. মজিবুর রহমান মজুমদারের আবেদন এবং মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে তাকে রেজিস্ট্রার পদে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ মার্চ আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় তৎকালীন প্রশাসন। পরবর্তীতে একই বছরের ৩১ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত কুবির দেওয়া বরখাস্তের আদেশ স্থগিত করেন। আদালতের সেই স্থগিতাদেশ নিয়ে তিনি পুনরায় স্বপদে যোগদানের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে যোগদানের অনুমতি দেয়।
এ বিষয়ে কুবির ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, "সাবেক রেজিস্ট্রার মুজিবুর রহমান হাইকোর্টের স্থগিতাদেশ এনে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন করেছিলেন। তাঁর সেই আবেদনের প্রেক্ষিতেই তাঁকে স্ব-পদে যোগদানের চিঠি দেওয়া হয়েছে।"
যোগদানের অনুমতি পেয়ে মুজিবুর রহমান মজুমদার বলেন, "পূর্বের প্রশাসন আমার প্রতি অবিচার করে মিথ্যা অভিযোগ এনে আমাকে সাময়িক বহিষ্কার করেছিল। সুবিচার পাওয়ার আশায় আমি আইনের আশ্রয় নিই। আদালত তদন্ত করে আমার বিরুদ্ধে আনীত অভিযোগে কোনো সত্যতা না পেয়ে বহিষ্কারাদেশ স্থগিত করেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আবেদন করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক দিক বিবেচনা করে আমাকে যোগদানের চিঠি দিয়েছে।"
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, "মজিবুর রহমান হাইকোর্টের নির্দেশনা নিয়ে এসেছেন এবং সেই অনুযায়ী তাঁকে রেজিস্ট্রার পদে যোগদানের চিঠি দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত কমিটি চলমান রয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









