খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় কয়েকজন যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। একই সঙ্গে এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন অপরাধ, মাদক ও অন্যান্য অপরাধের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
মঙ্গলবার (৭জুলাই) রাতে মেরুং ইউনিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করতে এলাকার কয়েকজন যুবক সহযোগিতা করেন। কিন্তু পরে ওই অভিযুক্ত ব্যক্তি উল্টো তাদের কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এতে অপরাধ দমনে এগিয়ে আসা সাধারণ মানুষ নিরুৎসাহিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তাদের দাবি, অভিযুক্তকে আইনের হাতে তুলে দেওয়ার পরও নিরীহ যুবকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মেরুং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, যৌন অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সম্প্রতি এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ এবং এক কিশোরকে যৌন নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অভিযোগ করেন, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সময় সচেতন যুব সমাজের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা প্রদান, যুবকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত করে প্রত্যাহার, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ পুনঃতদন্ত, মেরুং এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং অপরাধ প্রতিরোধে কাজ করা নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা।
বক্তারা বলেন, আমরা কোনো অপরাধীকে রক্ষা করতে চাই না। আমরা চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। একই সঙ্গে যারা অপরাধীকে আইনের হাতে তুলে দিতে সহযোগিতা করেছে, তারা যেন মিথ্যা মামলার শিকার না হন।
সংবাদ সম্মেলনের শেষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









